শুধু বাংলাদেশ নয়, সব দেশের জন্য সুদের হার বেড়েছে:  জাইকা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাপান সাহায্য সংস্থার (জাইকা) ঋণের সুদের হার যে বাড়ানো হয়েছে, তা করা হয়েছে দেশটির সরকারের সিদ্ধান্তে। আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় এই সুদের হার বাড়ানো হয়েছে। তবে শুধু বাংলাদেশ নয়, সব দেশের জন্যই সুদ বাড়িয়েছে জাইকা।

আজ বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে সফররত জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি সাংবাদিকদের এসব কথা বলেন। শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এই সভা হয়।

জানা গেছে, নিম্ন আয়, নিম্নমধ্যম আয়, উচ্চমধ্যম আয় ও উচ্চ আয়ের দেশের জন্য একেক সুদের হার। বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। নিম্ন মধ্যম আয়ের দেশের জন্য জাপানের নমনীয় ঋণের সুদের হার হলো দশমিক ৪৫ শতাংশ থেকে ২ দশমিক ১০ শতাংশ। ঋণ পরিশোধের সময়সীমার ওপর সুদের হার নির্ভর করে। কম সময়ে ঋণ পরিশোধ করলে সুদের হার কম, বেশি সময়ে পরিশোধ করলে সুদের হার বেশি।

গত এপ্রিল থেকে জাইকার ঋণের নতুন সুদের হার কার্যকর হয়েছে।

ইয়ামাদা জুনিচি বলেন, ‘বাংলাদেশ সব সময় জাইকার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আমি ঢাকায় এমআরটি প্রকল্প, আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর প্রকল্প পরিদর্শন করেছি। অবকাঠামো উন্নয়ন এ দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জাইকা বাংলাদেশ অবকাঠামো উন্নয়নে আরও সহায়তা করতে চায়।’

অন্যদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জাইকা দেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু তারা প্রকল্পের ধীরগতিতে সন্তুষ্ট নয়। শিক্ষা, স্বাস্থ্য ও বড় অবকাঠামোয় তাদের আগ্রহ বেশি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের প্রকল্প পাসের প্রক্রিয়া শেষ করতে যে সময় লাগে, তাতে তাদের মাঝেমধ্যে অসুবিধা হয়। একই ধরনের কাজ তাদের দেশে দ্রুত হয়ে যায়। তাদের মতো আমরা করতে পারি না। আমরা তাদের বুঝিয়েছি, আমাদের নিয়মকানুন আছে, এগুলো মানতে হয়, সংসদে জবাব দিতে হয়। আমরা এর মধ্যেও চেষ্টা করব প্রকল্পের কাজ দ্রুত করতে।

এদিকে আজ সফররত জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ম্যামি মিজুটরি পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সভাশেষে ম্যামি মিজুটরি বলেন, বাংলাদেশ ৩০টি দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় আছে। এসব দেশে দুর্যোগের বিষয়ে আগাম বার্তা দেওয়ার ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব।

বিভিন্ন দুর্যোগ কীভাবে প্রশমন করা যায়, সে ব্যাপারে কৌশল প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত ম্যামি মিজুটরি। এর আগে তিনি ১৯৯২ সালে বাংলাদেশে এসেছিলেন।