নির্বাচনের চেয়ে মেয়াদ বাড়ানোয় আগ্রহ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ নির্বাচনকে পাশ কাটিয়ে নিজেদের মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এক জরুরি সভায় পর্ষদের মেয়াদ ছয় মাস বৃদ্ধির অনুমোদন নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগির বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (ডিটিও) অনুবিভাগে আবেদন করবে পরিচালনা পর্ষদ।

ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ (নির্বাচনকালীন জোট) বিজিএমইএর পরিচালনা পর্ষদের দায়িত্ব নেয় ২০২১ সালের ১৩ এপ্রিল। আগামী এপ্রিলে তাদের মেয়াদ শেষ হওয়ার কথা। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, পর্ষদের দায়িত্ব শেষ হওয়ার ১৫ দিন আগে ভোট গ্রহণ সম্পন্ন করতে হবে। তার ৯০ দিন আগে নির্বাচন কমিশন গঠনের বাধ্যবাধকতা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান গত বুধবার পর্ষদের জরুরি সভা ডাকেন। ওই সভার সূচিতে নির্বাচনের বিষয়টিও ছিল। এতে সম্মিলিত পরিষদের কয়েকজন পরিচালক বর্তমান পর্ষদের মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রস্তাব করেন। তাঁরা যুক্তি দেখান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে ক্রয়াদেশ কম। ফলে উদ্যোক্তাদের নির্বাচন করার মতো ‘এনার্জি নেই’। যদিও সংগঠনের নির্বাচনকালীন আরেক জোট ফোরামের ছয়জন পরিচালক এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁরা গঠনতন্ত্র মেনে নির্বাচন দেওয়ার দাবি জানান। শেষ পর্যন্ত পর্ষদে সম্মিলিত পরিষদ সংখ্যাগরিষ্ঠ থাকায় মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তই নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর একজন পরিচালক প্রথম আলোকে বলেন, চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের কারণে বিজিএমইএর কমিটির মেয়াদ এক বছর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে একবারে মেয়াদ ছয় মাসের বেশি বাড়ানোর সুযোগ নেই। ছয় মাস মেয়াদ বাড়লে বর্তমান পর্ষদ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে। তখন জাতীয় নির্বাচনের আগে বিজিএমইএর ভোট করার পরিবেশ এমনিতেই থাকবে না।

সভায় পর্ষদের মেয়াদ ছয় মাস বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন ফোরামের নেতা ফয়সাল সামাদ। গত রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘গত এক-দুই মাসে এমসিসিআই ও ডিসিসিআইয়ের নির্বাচন হয়েছে। অন্য অনেক পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠনও নির্বাচনমুখী। ফলে বিজিএমইএর নির্বাচন অযৌক্তিকভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সময়মতো নির্বাচন চাই। এ জন্য আমরা দু–এক দিনের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে স্মারকলিপি দেব।’

এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শহীদউল্লাহ আজিম বলেন, ‘আমরা ছয় মাস মেয়াদ বাড়ানোর অনুমতি নিয়েছি, তা চূড়ান্ত অনুমোদনের জন্য ডিটিও অনুবিভাগে আবেদন করব। সেটি পাস না–ও হতে পারে। সে জন্য আমরা নির্বাচনের জন্যও ইলেকশন কমিশন গঠন করব। আমরা সম্মিলিত পরিষদ দুভাবেই প্রস্তুতি নিয়ে রাখছি।

২০১৩ সালে সাধারণ সদস্যদের সরাসরি ভোটে বিজিএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। তখন ভোটে জিতে সভাপতি হোন সম্মিলিত পরিষদের আতিকুল ইসলাম। পরেরবার পর্ষদ গঠনের জন্য সম্মিলিত পরিষদ ও ফোরাম দুই মেয়াদের জন্য সমঝোতা করে। সেই সমঝোতার প্রথম দফায়, অর্থাৎ ২০১৫ সালের ২২ সেপ্টেম্বরে সম্মিলিত পরিষদের সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কমিটি হয়। সেই কমিটি নানা অজুহাত দেখিয়ে ৪৩ মাস দায়িত্ব পালন করে। ২০১৯ সালে সমঝোতা অনুযায়ী প্রার্থী বাছাই করে বড় দুই জোট। স্বাধীনতা পরিষদ নামে নতুন একটি জোট ঢাকায় খণ্ডিত প্যানেলে প্রার্থী দেওয়ায় ভোট হয়েছিল। সভাপতি হন রুবানা হক। তাঁর নেতৃত্বাধীন পর্ষদ নির্দিষ্ট সময় শেষে নির্বাচন দেয়।