বিবিএসের পরিসংখ্যান অত খারাপ নয়: মসিউর রহমান 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান নিয়ে অনেক সমালোচনা হয়। তবে তাদের পরিসংখ্যানকে যত খারাপ বলা হয়, তা অতটা খারাপ নয়। মানুষ যে রকম পরিসংখ্যান চায়, সে রকম পায় না বলেই সমালোচনা করে। তবে বিবিএসের অনেক পরিসংখ্যানই ভালো মানের।

মসিউর রহমান আরও বলেন, অনেকে মনে করেন, প্রয়োজনীয় সব তথ্য বিবিএস থেকে পাওয়া যাবে। এ রকম সব সময় হয় না। তাঁর পরামর্শ, বিনিয়োগের প্রয়োজনে নিজস্ব ব্যবস্থাপনায় কিছু তথ্য সংগ্রহ করতে হবে, সব ধরনের তথ্য বিবিএস থেকে পাওয়া যাবে না।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশ মূল্যায়ন সমিতি (বিইএস) আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মসিউর রহমান এসব কথা বলেন। ডিজিটাল রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উল্লম্ফনের জন্য কৌশলগত পুনচিন্তা শীর্ষক বইটি লিখেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক মঞ্জুর হোসেন। আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা প্যালগ্রেভ ম্যাকমিলান বইটি প্রকাশ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আরও উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, ডাক ও টেলিযোগাযোগসচিব খলিলুর রহমান, টেকনোহ্যাভেন কোম্পানির প্রধান নির্বাহী হাবিবুল্লাহ এন করিম, বিডিজবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, এটুআই প্রকল্পের পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, সমাজতাত্ত্বিক খন্দকার সাখাওয়াত আলী ও বিইএসের সভাপতি মো. নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও বিইএসের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে উন্নয়নে তিনি বিশ্বাস করেন। তবে প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ এমনি তৈরি হবে না; নিজেদের অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হওয়ার কথা বলেছেন। দেশ সেই পথে এগোচ্ছে।