ডাব ১৫০ টাকা ছাড়াল, ডেঙ্গু রোগীর পথ্য অন্য ফলের দাম কেমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাব
ফাইল ছবি

এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রোগীর চাপে হাসপাতালে উপচে পড়া ভিড়। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হলে যেসব ফলের ওপর রোগীরা ভরসা করেন, সেগুলোর দাম বেড়েছে। এই তালিকায় প্রথম সারিতে আছে ডাব। বড় আকারের একটি ডাবের দাম দেড় শ টাকা ছাড়িয়েছে। গত এক মাসে পেঁপে, কমলা, মাল্টা ও জাম্বুরার মতো ফলের দামও বেড়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগ, মৌচাক, মগবাজার, ইস্কাটন, বাংলামোটর ও কারওয়ান বাজার এলাকায় ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় আকারের একটা ডাব কিনতে হলে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা। দরদাম করলেও কোনোভাবেই ১৫০ টাকার নিচে মিলছে না এই ডাব। তবে কোথাও কোথাও একেবারে ছোট আকারের ডাব ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। এসব ডাব দেখলে হয়তো অনেকের পছন্দ হবে না।

মৌচাক মোড়ের ডাব বিক্রেতা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাহিদা বৃদ্ধির কারণে ডাবের দাম বেশি পড়ছে। পাইকারিতে এক মাস আগে যে ডাব ৮০ টাকায় কিনতাম, এখন তা ১২০ টাকার মতো পড়ছে। আগে দিনে ১০০ ডাব বিক্রি করতেই কষ্ট হতো। এখন ২০০ ডাব সহজেই বিক্রি হয়ে যায়। বাজারে ডাবের সরবরাহে বড় কোনো সংকট নেই। এরপরও ঢাকায় ঢুকতেই ডাবের দাম ১০০ টাকা ছাড়িয়ে যাচ্ছে।

আদ–দ্বীন হাসপাতালের একজন রোগীর স্বজন জুনায়েদ আহমেদের সঙ্গে দেখে হলো মগবাজার ওয়ারলেস মোড়ে। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তিন শ টাকা দিয়ে দুটি ডাব কিনেছি, তা–ও দরদাম করে নিতে হয়েছে। ডেঙ্গু রোগীকে খাওয়ানো যায়, এমন ফলের দামও বাড়তি দেখলাম।’

বাজারে প্রতি কেজি পাকা পেঁপে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। মানের বিষয়ে একটু ছাড় দিয়ে পেঁপে কিনলে তা–ও ১০০ টাকা কেজিতে কিনতে হবে। বাজারে সাধারণত মানভেদে পেঁপের দাম থাকে কেজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে। ডেঙ্গু রোগীর পথ্য হিসেবে পেঁপের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের।

ডেঙ্গু হলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়াতে উপদেশ দেন চিকিৎসকেরা। তবে ভিটামিন সির বড় উৎস হিসেবে পরিচিত বিদেশি ফল কমলা ও মাল্টার পাশাপাশি দেশি ফল জাম্বুরার দামও বাড়তি বাজারে। মাঝারি আকারের একটা জাম্বুরার দাম চাওয়া হচ্ছে ১০০ থেকে ১৫০। তবে বাজারে ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার জাম্বুরাও পাওয়া যাচ্ছে। সাধারণত মৌসুমের এই সময়ে জাম্বুরার দাম কম থাকে। এবার চাহিদা বেশি, তাই জাম্বুরার দামও বাড়তি।

মাল্টার কেজি বছরের অন্য সময় ২০০ টাকার আশপাশে থাকে। এখন এই দাম ২৫০ টাকার ওপরে। তবে দেশি সবুজ মাল্টার দাম ১০০ টাকা বা তার একটু বেশি। প্রতি কেজি কমলার দাম ২৭০ থেকে ২৮০ টাকা। লটকন বিক্রি হচ্ছে কেজি ১২০ থেকে ১৫০ টাকায়।

তবে দাম কম আছে লেবুর। চাহিদা বাড়লেও মৌসুম হওয়ায় লেবুর দাম কম। আকারভেদে ডজনপ্রতি লেবুর দাম পড়ছে ২০ থেকে ৪০ টাকা।

কারওয়ান বাজারে মায়ের দোয়া ফল বিতানের স্বত্বাধিকারী মো. মিন্টু প্রথম আলোকে বলেন, বিদেশি ফলের দাম বেড়েছে আগেই, তবে দেশি ফলের দাম এত দিন কিছুটা কম ছিল। এখন যেসব ফলের চাহিদা বৃদ্ধি পেয়েছে, তার দামও একটু বেড়েছে। তবে এটা দীর্ঘস্থায়ী হবে না।