তিন দেশ থেকে কেনা হবে এক লাখ টন সার
সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনছে সরকার। এ জন্য খরচ হবে ৭১৯ কোটি ২৪ লাখ টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার তিনটি আলাদা প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।
সাঈদ মাহবুব খান বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লটে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। এ জন্য খরচ হবে ২০৪ কোটি ৭৩ লাখ টাকা। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে কেনা হবে ৩০ হাজার টন ইউরিয়া সার। এ জন্য ২০৪ কোটি ৭৩ লাখ টাকা খরচ হবে।
অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মাআদেন থেকে কেনা হবে ৪০ হাজার টন ডিএপি সার। এতে ব্যয় হবে ৩০৯ কোটি ৭৮ লাখ টাকা।
এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কালিঙ্গা নদীর ওপর ৬১৪ মিটার সেতু নির্মাণের বাকি পূর্ত কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এতে ব্যয় হবে ১০৫ কোটি ২৬ লাখ টাকা।