ঋণপত্র নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা, সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছে এফবিসিসিআই

এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবারছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে ডলার-সংকট সমাধানের উদ্যোগ নিতে হবে। কিন্তু বাস্তবতা হলো, অনেক ব্যবসায়ী এখনো এলসি (ঋণপত্র) খুলতে জটিলতার মুখে পড়ছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

তবে রমজানের সময় অনৈতিকভাবে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ব্যবসায়ীদের দুর্নাম ঘোচাতে চান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

আজ সোমবার এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে এসেছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

যারা অনৈতিকভাবে বাজারে সংকট তৈরি করবে, তাদের সঙ্গে এফবিসিসিআই নেই উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, ‘ব্যবসায়ীদের কেউ অসাধু বলুক বা সিন্ডিকেট করা হচ্ছে, এমন অভিযোগ আর শুনতে চাই না। বদনাম হোক, তা চাই না। অসাধু ব্যবসায়ীদের সঙ্গে আমরা নেই। রমজান আসলে যেন না শুনি, কোনো পণ্যের দাম বাড়ছে। আমরা চাই ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করুন; যৌক্তিক মুনাফা করুন; কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’  

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ‘ব্যবসায়ীদের কথা শুনেছি। এলসি খোলা নিয়ে জটিলতা আছে, এটা নিয়ে আমরা কথা বলছি। সার্বক্ষণিকভাবে সরকারের সঙ্গে কথা হচ্ছে। প্রয়োজনে আরও কথা হবে। তবে এটাও ঠিক, দেশে ডলারের সংকট আছে। সে জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে অগ্রাধিকার দিতে হবে, যাতে বাজারে প্রভাব না পড়ে। ভোগ্যপণ্যের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের কথা উঠেছে, কিন্তু আমি মনে করি, যেসব মন্ত্রণালয় বাজারের সঙ্গে সম্পর্কিত, আগে তাদের মধ্যে সমন্বয় হওয়া বেশি জরুরি।’

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির উদ্দিন বলেন, মিলমালিকেরা সরবরাহ ঠিক রাখলে আসন্ন রমজানে বড় সংকট হবে না। মিলমালিকেরা যেন গ্যাসের বা অন্য কোনো সংকটের কথা বলে সরবরাহ না কমিয়ে দেন, সেদিকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, খাদ্যনিরাপত্তার অজুহাতে বাজার থেকে খোলা তেল একেবারে উঠিয়ে নেওয়া হচ্ছে। অথচ এই ব্যবসার সঙ্গে অনেক মানুষ জড়িত। ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোতে তদারকি বাড়ালে এই সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এ পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল মিলমালিকদের সংগঠনের প্রতিনিধি ও সিটি গ্রুপের পরামর্শক অমিতাভ চক্রবর্তী বলেন, খোলা তেল বন্ধ করে দেওয়ার জন্য সরকার ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। তবে ডিসেম্বরের মধ্যে সব কোম্পানি এটা পারবে বলে মনে হয় না। খোলা তেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ হলো, এই তেলে ভিটামিন এ থাকে না। তবে খোলা তেলেও ভিটামিন এ নিশ্চিত করা সম্ভব। এ বিষয়ে সরকার যেভাবে নির্দেশনা দেবে, ব্যবসায়ীরা সেভাবে চলবেন। ডলার-সংকটের সময় ভোগ্যপণ্যের জন্য আলাদা করে ডলার সংরক্ষণ করা ও নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক ব্যবসায়ী সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, রমজানের আগে মুরগির দাম একটু একটু করে বাড়ানো হচ্ছে। এলপিজি আমদানিতে এলসি পেতে সমস্যা হচ্ছে। অথচ রেস্তোরাঁ খাতে প্রচুর এলপিজি প্রয়োজন। বাজারে কোনো পণ্যের দাম বাড়তে শুরু করলে সভা করতে করতে সব লোপাট করা শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ইমরান হাসানের দাবি, আমলাদের দিয়ে নীতি নির্ধারণ যাবে না; ব্যবসায়ীরা নীতি নির্ধারণ করবেন, তাহলে বাজারে সমস্যা থাকবে না।

বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সহসভাপতি বিকাশ চন্দ্র সাহা বলেন, ছোলা বুট ও অ্যাংকর ডালের দাম বাড়ছে। এ খাতের ছোট আমদানিকারকেরা টিকতে পারেননি। ছোট আমদানিকারকেরা এলসি করতে পারেন না, সবকিছু বড় আমদানিকারকদের হাতে। এখনই বাজারে নজরদারি বাড়াতে হবে, তা না হলে বাজার চড়ে যেতে পারে।

তাজা ফল আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, রমজানে খেজুর গুরুত্বপূর্ণ। তিউনিসিয়া-আলজেরিয়া থেকে হিমায়িত কনটেইনারে খেজুর আনতে দুই মাস সময় লাগে, কিন্তু আমরা পর্যাপ্ত ঋণপত্র খুলতে পারছি না। খেজুরের আমদানি শুল্ক কয়েক গুণ বাড়ানো হয়েছে। এমনও হয়েছে, চট্টগ্রাম কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করে আসার পর শুল্ক আরও বাড়ানো হয়েছে।

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার প্রথম আলোকে বলেন, বিভিন্ন বাজারের অনেক ব্যবসায়ী সমিতির সদস্য নন। তাঁদের জবাবদিহির আওতায় নিয়ে আসা যাচ্ছে না। তবে কাঁচাবাজারে সিন্ডিকেট নেই বলে জোরালো দাবি জানান তিনি।

বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, এক মাস হলো লবণের উৎপাদন শুরু হয়েছে। আবহাওয়ার কারণে উৎপাদনে সমস্যা হলেও এক মাসের মতো লবণের মজুত আছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে লবণের উৎপাদন ভালো হবে। তবে আপৎকালীন আরও এক মাস ব্যবহার করা যাবে, এমন পরিমাণ লবণ আমদানি করে রাখা ভালো হবে বলে পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, সভায় ব্যবসায়ীরা ইতিবাচক কথা বলেছেন, এতে কাজ সহজ হয়ে গেল। ব্যবসায়ীদের ইতিবাচক মানসিকতা থাকলে বাজারে বড় সংকট হবে না বলে প্রত্যাশা করেন তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বলেন, ব্যবসায়ীদের নীতিনৈতিকতা নিয়ে ব্যবসা করতে হবে, তাহলে আর অভিযানের প্রয়োজন পড়বে না। ভোক্তা যাতে কোনোভাবে প্রতারিত না হয়, সেটা খেয়াল রেখেই ব্যবসা করতে হবে। যৌক্তিক মুনাফা করা হলে বাজার স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, যেসব পণ্য যে মন্ত্রণালয়ের অধীনে, তারা সরকারকে বোঝায়, উৎপাদনে তারা স্বয়ংসম্পূর্ণ। এটা করতে গিয়ে অনেক সময় ভুল তথ্য দেওয়া হয়। সে জন্য আমরা ভোগ্যপণ্য নিয়ে মন্ত্রণালয় চাই। একেকজন একেক দিকে না গিয়ে আমরা একটা জায়গায় কথা বলতে চাই, সমস্যার সমাধান চাই।

আলুর ক্ষেত্রেও সরকারের তথ্যে গরমিল থাকায় বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল উল্লেখ করে বাংলাদেশ হিমাগার সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, আলুর উৎপাদন কম হয়েছে, এটা সরকারকে আগেই জানানো হয়েছিল। কিন্তু সরকার ব্যবসায়ীদের কথা শোনেনি। সরকারের দপ্তরগুলো যে প্রতিবেদন দিয়েছে, সেটাই মাথায় নিয়েছে সরকার। কিন্তু এসব প্রতিবেদন তৈরিতে আদৌও মাঠপর্যায়ের প্রতিবেদন প্রতিফলিত হয় কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন এই ব্যবসায়ী নেতা।

মতবিনিময় সভার ধন্যবাদজ্ঞাপন পর্বে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সভাপতি আমিন হেলালি বলেন, ‘কোনো ব্যবসায়ী পণ্য মজুতের সঙ্গে জড়িত আছেন, এমন প্রমাণ পাওয়া গেলে এবং তাঁকে কোনোভাবে থামানো না গেলে প্রয়োজনে আমরা নিজেরাই তাঁকে প্রশাসনের কাছে সোপর্দ করব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি খাইরুল হুদা, বাংলাদেশ পাইকারি গরমমসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ, বাংলাদেশ অটো রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম খানসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সরকারি সংস্থার কর্মকর্তারা।