আবার ক্যাবের সভাপতি হলেন এ এইচ এম সফিকুজ্জামান

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ এইচ এম সফিকুজ্জামান। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ছবি– ক্যাবের সৌজন্যে

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এই পরিষদে আবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ এইচ এম সফিকুজ্জামান। তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।

এই নির্বাচনের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়। নবগঠিত এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্বে থাকবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ক্যাব।

আজ রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

ক্যাব জানায়, সভায় উপস্থিত ভোটারদের ৫১–২ ভোটে নিরঙ্কুশভাবে এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত এই পরিষদে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে জামিল চৌধুরী ও সহসভাপতি এস এম নাজের হোসাইন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মো. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, এম এ কাদের মন্ডল ও বাহাদুর সাজেদা আক্তার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ।