কাজুবাদামে বিএসআরএম, হোটেল–রিসোর্টে র‌্যানকনের নতুন বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসআরএম কাজুবাদাম বা ক্যাশোনাট প্রক্রিয়াজাত কারখানা করবে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে। এ জন্য বেজার সঙ্গে চুক্তি করছেন প্রতিষ্ঠানটিরব্যবস্থাপনা পরিচালক আমির আলীহুসেইন
ছবি: সংগৃহীত

কাজুবাদাম বা ক্যাশোনাট প্রক্রিয়াজাত খাতে বিনিয়োগ করবে ইস্পাত খাতে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বিএসআরএম লিমিটেড। এ জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রায় ১০ একর জমিতে কারখানা স্থাপন করবে বিএসআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেড।

অন্যদিকে কক্সবাজার জেলার টেকনাফের সাবরাংয়ে বিশেষ পর্যটন অঞ্চলে বিনিয়োগ করবে আরেক শীর্ষস্থানীয় গ্রুপ র‌্যানকন। সাবরাংয়ে প্রায় তিন একর জমিতে হোটেল ও রিসোর্ট তৈরি করবে শিল্প গ্রুপ র‌্যানকন হোল্ডিংসের প্রতিষ্ঠান র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড।

বিনিয়োগের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমি বরাদ্দের চুক্তি করেছে বিএসআরএম ও র‌্যানকন। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এ ছাড়া বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমির আলীহুসেইন, র‌্যানকন গ্রুপের রিয়েল এস্টেট ডিভিশনের বিভাগীয় পরিচালক মাশিদ রহমান এবং বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেজা কর্মকর্তারা জানান, মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপনে বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেড ১ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৫৭ কোটি (প্রতি ডলার ১০৮ টাকা ধরে) টাকা বিনিয়োগ করবে। এখানে প্রায় ৪০০ জনের কর্মসংস্থান হবে।

বিনিয়োগের বিষয়ে বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমির আলীহুসেইন বলেন, দেশে কাজুবাদামের প্রায় ২ হাজার কোটি টাকার বাজার রয়েছে। কিন্তু এর প্রায় পুরোটাই আমদানিনির্ভর। ফলে দেশে কাজুবাদাম প্রক্রিয়াজাত শিল্পের ভালো সম্ভাবনা রয়েছে।

সাবরাংয়ে হোটেল ও রিসোর্ট করবে র‌্যাংগস প্রপার্টিজ। এ জন্য বেজার সঙ্গে চুক্তি করেন র‌্যানকন গ্রুপের রিয়েল এস্টেট ডিভিশনের বিভাগীয় পরিচালক মাশিদ রহমান
ছবি: সংগৃহীত

অন্যদিকে সাবরাংয়ে হোটেল ও রিসোর্ট স্থাপনে ১ কোটি ২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১১০ কোটি টাকা বিনিয়োগ করবে র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড। সেখানেও প্রায় ৪০০ লোকের কর্মসংস্থান হবে।

র‌্যানকন গ্রুপের রিয়েল এস্টেট ডিভিশনের বিভাগীয় পরিচালক মাশিদ রহমান বলেন, ‘অবকাঠামো ও হসপিটালিটি (অতিথিসেবা) খাতে আমাদের তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। ফলে সাবরাং অঞ্চলে সম্ভাবনাময় পর্যটন খাতেও আমরা ভালো করতে পারব বলে আশা করছি।’

এ দুটি প্রতিষ্ঠান ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ২ একর জমিতে রিফুয়েলিং স্টেশন, কার ওয়াশিং পরিষেবা ও রেস্তোরাঁ–শপিংমল স্থাপনে বেজার সঙ্গে জমি বরাদ্দের চুক্তি করেছে ইস্টাম্যারিনা রিফুয়েলিং স্টেশন নামের আরেকটি প্রতিষ্ঠান। এ জন্য তারা বিনিয়োগ করবে ২৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩২ কোটি টাকা। ইস্টাম্যারিনা হচ্ছে নিট প্লাস লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বিনিয়োগকারীদের বিনিয়োগ যেন নিরাপদ হয়, সে জন্য প্রয়োজনীয় সব সহায়তা বেজা থেকে দেওয়া হচ্ছে। তবে আশা করব, বিনিয়োগকারীরা দ্রুততম সময়ে কারখানা স্থাপন ও উৎপাদন বা সেবা প্রদান শুরু করবে।