ভারতের প্রতিরক্ষা বিভাগের নিষিদ্ধের তালিকায় আরও ৯২৮ সরঞ্জাম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান বাস্তবায়নের অংশ হিসেবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও ৯২৮টি সামরিক সরঞ্জাম আমদানি নিষিদ্ধ করেছে।
টাইমস অব ইন্ডিয়ার সংবাদে বলা হয়েছে, এর আগে ২০২১ সালের ডিসেম্বর, ২০২২ সালের মার্চ ও সে বছরের আগস্ট মাসেও অনুরূপ তিনটি তালিকা করা হয়েছিল। সেই তিন তালিকায় মোট ১ হাজার ২৩৮টি সামরিক সরঞ্জাম ছিল।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেছেন, এবার যে ৯২৮টি সরঞ্জামের তালিকা করা হয়েছে, তা কার্যত চতুর্থ তালিকা। এতে আমদানি ব্যয় বাঁচবে ৭১৫ কোটি রুপি। ভারতের অভ্যন্তরীণ শিল্প খাত থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করা হবে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে তা করা হবে। এর আগে যে ১ হাজার ২৩৮টি সরঞ্জামের তালিকা করা হয়েছিল, তার মধ্যে ৩১০টি ইতিমধ্যে দেশীয় উৎস থেকে সংগ্রহ করা হচ্ছে।
চতুর্থ তালিকার ৯২৮টি সরঞ্জামের মধ্যে ৪৫০টি ম্যাগাজিন ফায়ার-ফাইটিং সিস্টেমের অংশ। ২৬০টি গ্যাস টারবাইন জেনারেটর সম্পৃক্ত, ১৪৭টি শ্যাফটিং–বিষয়ক। এ ছাড়া এইচটিটি-৪০ ট্রেইনার এয়ারক্রাফট–সংক্রান্ত, যার মধ্যে আছে মেইন ও নোজ হুইল টায়ার এবং ডিসপ্লে।
এদিকে নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়ার ডাকের বদৌলতে গত পাঁচ বছরে ভারতের অস্ত্র আমদানি কমেছে প্রায় ১১ শতাংশ। সুইডেনের সামরিক সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সাম্প্রতিক প্রতিবেদনের সূত্রে হিন্দুস্তান টাইমস এ তথ্য দিয়েছে।
মোদির ‘আত্মনির্ভর ভারত’ স্লোগান সফল করতে গিয়ে গত কয়েক বছরে দফায় দফায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি কমিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফলে ২০১৩ থেকে ২০১৭ সালের তুলনায় পরবর্তী ৫ বছরে, অর্থাৎ ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগ কমেছে।
তবে এসআইপিআরআই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে বিদেশ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানিতে ভারতের অবস্থান সবার ওপরে। তথ্যানুসারে, বিশ্বের মোট অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানির ১১ শতাংশের গন্তব্য ভারত। তবে মোদি সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে ‘স্বদেশি উৎপাদনে’ জোর দেওয়ার যে ডাক দিয়েছে, তার ‘প্রভাব’ আমদানিতে পড়েছে।
২০১৪ সালে ক্ষমতায় এসেই ‘মেক ইন ইন্ডিয়া’-র কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। পরবর্তী সময়ে প্রতিরক্ষা ক্ষেত্রেও ‘আত্মনির্ভর ভারত’ নীতি বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হয়।
তবে শুধু ভারত নয়, সামগ্রিকভাবে গত পাঁচ বছরে সারা বিশ্বে অস্ত্র ব্যবসা ৫ শতাংশেরও বেশি কমেছে বলে এসআইপিআরআই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখনো কিছু কিছু দেশ বিপুল পরিমাণে অস্ত্র আমদানি করছে, বিশেষ করে যেসব দেশে যুদ্ধ চলছে তাদের অস্ত্র আমদানি অনেকটাই বেড়েছে, যেমন ইউক্রেন। কেবল ২০২২ সালের হিসাব ধরলে অস্ত্র আমদানিতে তৃতীয় স্থানে ইউক্রেন। অস্ত্র আমদানির ক্ষেত্রে ২০২১-২২ সালে দ্বিতীয় স্থানে সৌদি আরব এবং তৃতীয় স্থানে ছিল কাতার। চীনের অবস্থান ৫ এবং পাকিস্তান ৮ নম্বরে।
প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি হ্রাসের পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে দেশটি তাদের ইতিহাসের সর্বোচ্চ ১৫ হাজার ৯২০ কোটি রুপির প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে, ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় যা ১০ গুণ।
ভারত বর্তমানে ৮৫টি দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, অফশোর পেট্রল ভেসেল, ব্যক্তিগত নিরাপত্তা উপকরণ, নজরদারি ব্যবস্থা ও রাডার।