কৃত্রিম মুরগির মাংস কীভাবে তৈরি হয়, স্বাদ আর দাম কেমন
শিগগিরই আমেরিকানরা বিভিন্ন রেস্তোরাঁয় জীবন্ত মুরগি থেকে পাওয়া মাংসের পরিবর্তে মুরগির কোষ থেকে তৈরি মাংস খেতে পারবেন। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় (ইউএসডিএ) গত বুধবার আপসাইড ফুডস ও গুড মিট নামের দুটি কোম্পানিকে ল্যাবে মুরগির মাংস উৎপাদন ও বিক্রির অনুমোদন দিয়েছে। ফলে খুব শিগগিরই হয়তো যুক্তরাষ্ট্রের বাজারে মিলবে এই মাংস।
তবে যতক্ষণ না এটি আপনার হাতের নাগালে আসছে, ততক্ষণে জেনে নিতে পারেন ল্যাবে তৈরি এ ধরনের মাংস সম্পর্কে কিছু তথ্য। মার্কিন গণমাধ্যম সিএনএন এই তথ্যগুলো জানিয়েছে।
কোষ থেকে তৈরি মাংস আসলে কী
পরীক্ষাগারে তৈরি বা ‘চাষ করা’ বা কোষ দিয়ে তৈরি মাংস আসলে কী? সংক্ষেপে বললে, এটি প্রাণীর কোষ থেকে তৈরি কৃত্রিম মাংস। পরীক্ষাগারে এই মাংস প্রথমে তৈরি করা হয়। এরপর বিশালাকার বায়োরিঅ্যাক্টরের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডের মতো পুষ্টি উপাদানের সাহায্যে একে বড় করা হয়। মাংস প্রস্তুত হয়ে গেলে এটিকে বায়োরিঅ্যাক্টর থেকে বের করে প্রক্রিয়াজাত শেষে বিক্রির জন্য সরবরাহ করা হয়।
কৃত্রিম এই মাংস তৈরি করছে গুড মিট নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি। এটি ইট জাস্ট নামের আরেকটি কোম্পানির সহযোগী সংস্থা। ইট জাস্টের গ্লোবাল কমিউনিকেশনস ও পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অ্যান্ড্রু নয়েস বলেন, বায়োরিঅ্যাক্টর থেকে বের যখন গুড মিট বের করা হয়, তখন এটির প্রোটিনকে ‘অনেকটা কিমা করা মুরগির মাংসের মতো দেখায়’।
এটা কেন গুরুত্ব পাচ্ছে
কোষ থেকে কৃত্রিমভাবে মাংস পাওয়ার অর্থ হচ্ছে মানুষ পশু জবাই না করেই মাংস খেতে পারবে। কৃত্রিম মাংস উৎপাদক কোম্পানি আপসাইড ফুডস বলছে, তারা মাংস তৈরির উদ্দেশ্যে মুরগির নিষিক্ত ডিম থেকে কোষ সংগ্রহ করে তা তাদের কোষ ব্যাংকে জমা রাখে। এসব কোষ কমপক্ষে ১০ বছর পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।
ইট জাস্টের অ্যান্ড্রু নয়েস জানান, প্রাণিকোষ পশুর বায়োপসি বা এমনকি পালক থেকেও সংগ্রহ করা যেতে পারে।
ল্যাবে তৈরি মাংসের ক্ষেত্রে পরিবেশগত বিবেচনাও রয়েছে। কৃষিকাজে বিশেষ করে পশুপালনে উল্লেখযোগ্য পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়, যা জলবায়ু পরিবর্তনে প্রভাব রাখে। ফলে ল্যাবে মাংস তৈরির ব্যবস্থা পরিবেশদূষণ কমিয়ে দিতে পারে।
অলাভজনক প্রতিষ্ঠান গুড ফুড ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ব্রুস ফ্রিডরিখ বলেন, যদিও ল্যাবে মাংস তৈরি করতে বিদ্যুতের বেশি ব্যবহারের প্রয়োজন হয়, তারপরও এই প্রক্রিয়া জমি ও পানির ব্যবহার কমাবে। পাশাপাশি বেশি পরিমাণে উৎপাদন করা গেলে এটি বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার মুরগির মাংসের চাহিদা পূরণে একটি সমাধান দিতে পারে।
এটা কি নিরামিষ খাদ্য
উত্তর হলো—না। ইম্পসিবল ফুডস ও বিয়ন্ড মিটের মতো প্রতিষ্ঠান উদ্ভিদভিত্তিক মাংস তৈরি করে। তবে আপসাইড ফুডস ও গুড মিট যেসব মাংস বানাচ্ছে, তা প্রাণিকোষ ব্যবহার করে তৈরি। ফলে এসব মাংসকে নিরামিষ বা ভেজিটেরিয়ান হিসেবে বিবেচনা করা যাবে না।
সাধারণত প্রাণীর পেশি দেহের অন্ত্রের মাধ্যমে পুষ্টি পেয়ে বৃদ্ধি পায়। ফলে এতে অনেক দূষিত উপকরণ থাকতে পারে। এ ক্ষেত্রে ব্যতিক্রম চাষ করা মাংস। এটি অন্ত্রের পরিবর্তে কোষ থেকে আসায় প্রাণীর দূষিত উপাদানের সংস্পর্শে আসে না।
স্বাদ কি সাধারণ মাংসের মতোই
সিএনএনের সাবেক প্রতিবেদক জুলিয়া হরোভিটস জানান, কোষ দিয়ে তৈরি মাংসটি একটু ঘন এবং আকারে ছোট। তবে এটি সাধারণ মাংসের মতোই স্বাদযুক্ত।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) থেকে অনুমোদন পায় আপসাইড ফুডস। গত মার্চে এফডিএর অনুমোদন পায় গুড মিট। এরপর উভয় কোম্পানি গত বুধবার ইউএসডিএ থেকে অনুমোদন পেল। তবে আরও কিছু প্রক্রিয়া পার হওয়ার পর এই পণ্য বাজারজাত করার অনুমতি পাবে তারা। প্রাথমিকভাবে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেস্তোরাঁয় এই মাংস বিক্রির পরিকল্পনা করছে।
এই মাংস কিনতে ক্রেতাদের কত খরচ হবে
উৎপাদকেরা জানিয়েছেন, কোষের মাধ্যমে মাংস তৈরির খরচ অনেক বেশি। এটি গ্রাহকদের জন্য কতটা খরচের কারণ হবে, তা এখনো অস্পষ্ট। তবে মনে হচ্ছে এই উচ্চ উৎপাদন ব্যয় সত্ত্বেও তা গ্রাহকদের জন্য এত ব্যয়বহুল হবে না।
গুড মিটের কর্মকর্তা অ্যান্ড্রু নয়েস বলেন, ‘চাষ করা মুরগির মাংস সাধারণ মুরগির মাংসের তুলনায় সামান্য প্রিমিয়ামে অর্থাৎ সামান্য বেশি দামে কিনতে পারবেন গ্রাহকেরা। এখন আমরা লোকসান দিয়ে এই মাংস বিক্রি করছি। আমরা চাই মানুষজন আগে এটির স্বাদ গ্রহণ করুক, এটি উপভোগ করুক।