বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রাইজার ঢাকায় আসছেন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার তিন দিনের সফরে আগামীকাল শনিবার বাংলাদেশে আসছেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রাইজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত প্রকল্পও পরিদর্শন করবেন। পাশাপাশি বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরবর্তী কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেককে পরিচয় করিয়ে দেবেন। আবদুলায়ে সেক আগামী ১ জানুয়ারি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্বব্যাংক জানিয়েছে, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল অন্যতম। স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩৭ বিলিয়ন বা ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি অনুদান, সুদমুক্ত ও রেয়াতি সুদের ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সহায়তাপ্রাপ্ত ৫৫টি প্রকল্প বাংলাদেশে চলমান। এসব প্রকল্পে আইডিএ ১৫ দশমিক ৭ বিলিয়ন বা ১ হাজার ৫৭০ কোটি ডলার অর্থায়ন করেছে।