১৪৬ টাকায় সয়াবিন ও ৮৩ টাকা চিনি কিনছে সরকার

সয়াবিন তেল ও চিনি
ফাইল ছবি

ভারত থেকে প্রতি লিটার ১৪৬ টাকা ১০ পয়সা দরে ১১ হাজার টন সয়াবিন তেল ও সিঙ্গাপুর থেকে ৮২ টাকা ৯৪ পয়সা কেজিতে সাড়ে ১২ হাজার টন চিনি আমদানি করছে বাংলাদেশ। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী দামে নিম্ন আয়ের মানুষের কাছে এই তেল-চিনি বিক্রি করবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-বিষয়ক দুটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

সাঈদ মাহবুব খান আরও জানান, সয়াবিন তেল কিনতে ১৪৮ কোটি ৩০ লাখ টাকা এবং চিনি কিনতে ৬৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে। সয়াবিন তেল কেনা হবে ভারতের গুভেন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড থেকে। আর চিনি কেনা হবে সিঙ্গাপুরের স্মার্ট মেট্রিকস প্রাইভেট লিমিটেড থেকে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সঙ্গে আলোচনা করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত সপ্তাহে সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৯ টাকা নির্ধারণ করে।

এদিকে সরকারের সঙ্গে যৌথভাবে আলোচনা করে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন গত ৪ এপ্রিল খোলা চিনির দাম নির্ধারণ করে ১০৪ টাকা। সেই চিনি বাজারে বিক্রি হচ্ছে অবশ্য ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে।