‘সব মিলিয়ে ব্যবসার পরিস্থিতি ভালো না’
সব ধরনের জ্বালানি আর ডলারের মূল্যবৃদ্ধির কারণে শিল্পকারখানায় উত্পাদনের খরচ বেড়েছে, উৎপাদনও ব্যাহত হচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে কুমিল্লার শিল্পাঞ্চলে কী ধরনের প্রভাব পড়েছে, তা নিয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ফরিদ গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন মানিক। সাক্ষাত্কার নিয়েছেন গাজীউল হক।
প্রশ্ন :
সরকারি ঘোষণার মাধ্যমে দাম বাড়ানোর আগে থেকেই দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট চলছিল। আপনার এলাকায় এই সংকট কতটা প্রকট?
দেলোয়ার হোসেন মানিক: কুমিল্লা বিসিক শিল্পনগরীতে লোডশেডিং হচ্ছে। সে কারণে আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবার কারখানায় উত্পাদন বন্ধ রাখছি। বিদ্যুতের কারণেই আমাদের এটা করতে হচ্ছে। তবে গ্যাসের সংকট আপাতত নেই।
প্রশ্ন :
বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির ফলাফল কী?
দেলোয়ার হোসেন মানিক: পণ্যের উত্পাদন ব্যয় বেড়ে গেছে। আবার উত্পাদন ব্যয় বাড়ার প্রভাব গিয়ে পড়ছে ভোক্তার ওপর। আগে যে পরিমাণ পণ্য বিক্রি হতো, এখন আর সেটা হয় না। ক্রেতারা আগের তুলনায় কম কিনছেন। ফলে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, আন্তর্জাতিক বাজারে টিকে থাকাই কষ্টকর হচ্ছে।
প্রশ্ন :
ঠিক কী ধরনের ক্ষতি হচ্ছে?
দেলোয়ার হোসেন মানিক: আমাদের বিক্রয় কম হচ্ছে। ব্যবসায় মুনাফাও কম হচ্ছে। অন্যদিকে, উৎপাদন ব্যয় বেড়ে গেছে।
প্রশ্ন :
আপনি পণ্যের দাম বাড়ানোর কথা বললেন। অনেক ব্যবসায়ী মনে করেন, হয়তো কর্মীও ছাঁটাই করতে হতে পারে। তেমন কোনো আশঙ্কা কি আছে?
দেলোয়ার হোসেন মানিক: আগে ১০০ টাকা খরচ করে যে পণ্য তৈরি করেছি, এখন সেটা করতে ১৩০ টাকা লাগছে। ৩০ টাকা উত্পাদন ব্যয় বেড়েছে। ব্যবসায় বিনিয়োগটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমাদের কারখানায় ২ হাজার ৫০০ শ্রমিক আছেন। আমরা নিজেরা এখন পর্যন্ত কোনো শ্রমিক ছাঁটাই করিনি। মাসের ৫ তারিখের মধ্যে সব শ্রমিক বেতন–ভাতাদি পাচ্ছেন। তবে ভবিষ্যতে পরিস্থিতি ভালো না হলে টিকে থাকার জন্য হয়তো নানা ধরনের পদক্ষেপ নিতে হবে।
প্রশ্ন :
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার আগে দাম বেড়েছিল জ্বালানি তেলের। এগুলোর দাম বৃদ্ধি হলো এমন সময়ে, যখন করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে উঠছিলেন আপনারা। এর বাইরে রয়েছে ডলার–সংকট, এলসি নিয়ে সমস্যা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনারা মনে করেন?
দেলোয়ার হোসেন মানিক: জ্বালানি তেলের দাম বাড়ার কারণে আমাদের পরিবহন ব্যয় বেড়েছে। বিদ্যুৎ না থাকলে জেনারেটর ব্যবহার করতে হয়। এতে করে তেলের ব্যবহার বেড়েছে। আমাদের কারখানার প্লাস্টিকের কাঁচামাল হিসেবে আমাদের পেট্রোকেমিক্যাল ব্যবহার করতে হয়। ডলার–সংকটের কারণে দেশে টাকার অবমূল্যায়ন হয়েছে। কাঁচামাল আনতে গিয়ে এলসি খুলতে পারছি না। তার ওপর ব্যাংকের ঋণ আছে। ডলারের অতি অবমূল্যায়নের কারণে কাঁচামালের দামও বেড়েছে অনেক। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না।
প্রশ্ন :
এসব সমস্যা কাটিয়ে উঠতে আপনারা কী উদ্যোগ নিয়েছেন? আর এ ক্ষেত্রে সরকারের কাছে আপনারা কী প্রত্যাশা করছেন?
দেলোয়ার হোসেন মানিক: আমরা এখন বাজার পরিস্থিতি দেখছি। পণ্যের দাম সহনীয় রাখার চেষ্টা করছি। সরকারের কাছে আমাদের আবেদন, শিল্পকারখানা টিকিয়ে রাখার জন্য সব ধরনের সুযোগ–সুবিধা দিতে হবে। প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকলে হলে সবকিছুর দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। আমাদের কারখানায় বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস—তিনটিরই ব্যবহার হচ্ছে। আবার দাম বাড়লে টিকে থাকা কষ্টকর হবে। দেশের উন্নয়নের জন্য, বেকারত্ব নিরসনে আমাদের ভূমিকা আছে। সেটা ধরে রাখতে হলে সরকারকে আরও খেয়াল রাখতে হবে।