১০ ইউরোতে ওড়ার দিন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেল
ছবি: সংগৃহীত

অতি কম খরচে বিমান ভ্রমণের যুগ শেষ হয়ে এল বুঝি। ইউরোপের বিভিন্ন লো কস্ট এয়ারলাইনস বা অত্যন্ত সাশ্রয়ী বিমান সংস্থার উড়োজাহাজে বহুদিন ধরে মাত্র ১০ ইউরোতেও (বাংলাদেশি মুদ্রায় প্রায় হাজার টাকা) উড্ডয়নের সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ আর থাকবে না বলে মনে করেন আয়ারল্যান্ডভিত্তিক সাশ্রয়ী বিমান সংস্থা রায়ানএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ও’লিয়ারি। তিনি জানান, জ্বালানি খরচ বেড়ে যাওয়ার কারণে রায়ানএয়ার এখন থেকে আর সর্বনিম্ন দামে বিমানে ভ্রমণের সুযোগ দেবে না।

মাইকেল ও’লিয়ারি বিবিসিকে বলেন, আগামী পাঁচ বছরে রায়ানএয়ারের ভাড়া বেড়ে ৪০ থেকে ৫০ ইউরোতে উঠবে। তবে তিনি এ-ও মনে করেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সত্ত্বেও মানুষজন অবাধে উড়োজাহাজে উড়বেন।

মাইকেল ও’লিয়ারি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে আমাদের সংস্থার সর্বনিম্ন ১ ইউরো (শূন্য দশমিক ৯৯ ইউরো) এবং এমনকি ১০ ইউরোর (৯ দশমিক ৯৯ ইউরো) বিমান টিকিট কিনে উড়োজাহাজে উড্ডয়নের সুযোগ শেষ হয়ে যাবে। আমি মনে করি, আপনি পরবর্তী কয়েক বছরের মধ্যে এই ভাড়াগুলো আর দেখতে পাবেন না।’ বিবিসি রেডিও ফোর-এর টুডে প্রোগ্রামকে ও’লিয়ারি কথাগুলো বলেন।

রায়ানএয়ারের সিইও বলেন, জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ার কারণে বিমানভাড়া বাড়বে। এ ছাড়া মানুষের পরিবার পর্যায়েও জ্বালানি ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। এই ব্যয় মেটাতেই মানুষের আয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে। তা সত্ত্বেও ও’লিয়ারি জানান, তিনি আশা করেন যে যাত্রীরা উড়োজাহাজে উড্ডয়ন কমানোর পরিবর্তে কম খরচের বিকল্পগুলো খুঁজবেন। অর্থাৎ ভাড়া বাড়লেও যেসব সংস্থার টিকিটের দাম কম হবে, তাদের উড়োজাহাজেই চড়বেন যাত্রীরা।

মাইকেল ও’লিয়ারি বলেন, ‘আমরা মনে করি, মানুষ ঘন ঘন উড়তে থাকবেন। তবে আমার ধারণা, মানুষ অনেক বেশি মূল্য সংবেদনশীল
হয়ে উঠবেন।’