অর্থ মন্ত্রণালয়ের বৈঠক
সংকটেও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য, বাড়বে ভর্তুকি
জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে আগের মতোই, ৭ দশমিক ৫ শতাংশ।বাজেটের আকার বাড়ছে ৬২ হাজার কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৭ শতাংশ।
মূল্যস্ফীতির লক্ষ্য ৫.৬ শতাংশ থেকে বেড়ে হবে ৭.৫ শতাংশ।
ভর্তুকিই দিতে হতে পারে ১ লাখ কোটি টাকার বেশি।
অর্থনীতি যখন চলমান দেশীয় ও বৈশ্বিক সংকটের মুখে এবং রাজস্ব আয় বৃদ্ধির তেমন কোনো উপায়ই বের হয়নি, ঠিক তখন সরকার আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্যও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাই ধরছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ। আগামী অর্থবছরের জন্যও একই হার ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে উচ্চ মূল্যস্ফীতির বর্তমান অবস্থাকে প্রায় মেনে নিয়েছে সরকার। চলতি ২০২২-২৩ অর্থবছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ দশমিক ৬ শতাংশ। আগামী অর্থবছরের জন্য তা ২ শতাংশ বাড়িয়ে করা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও মুদ্রাবিনিময় হারসংক্রান্ত সমন্বয় কাউন্সিলের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে তা জানা গেছে।
৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে যৌক্তিক বলেই মনে হচ্ছে। তবে জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ অবাস্তব, যেখানে রাজস্ব আয় বৃদ্ধির তেমন কোনো আয়োজন নেই।এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা
বৈঠকে চলতি ও আগামী অর্থবছরের বাজেটের নানা দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ প্রমুখ এতে অংশ নেন। সূত্রগুলো জানায়, এক বছর পর আসছে জাতীয় সংসদ নির্বাচন। আগামী বাজেট প্রণয়নে তাই জনপ্রিয় কিছু কর্মসূচি হাতে নেওয়ার কথাও ভাবা হয়েছে।
অর্থনীতিবিদেরা অবশ্য প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রার হার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, সরকারের প্রাক্কলনের সঙ্গে বাস্তব পরিস্থিতির তেমন মিল নেই।
সূত্র জানায়, বৈঠকে আলোচনা উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের অবস্থা নিয়েও আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে ডলার-সংকট ও ডলারের অস্বাভাবিক দাম নিয়ে। জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কয়েক দফায় আমদানি কমানোর পদক্ষেপ নিয়েছে। এতে রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা আছে। এ ছাড়া প্রবাসী আয়ে (রেমিট্যান্স) একই জায়গায় আটকে আছে দেশ। রপ্তানি প্রবৃদ্ধিও আশানুরূপ নয়। আবার নতুন করে যুক্ত হচ্ছে ভর্তুকির বাড়তি চাপ। সার, বিদ্যুতের ভর্তুকির পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বছরব্যাপী তেল, চিনি বিক্রিতেও ভর্তুকি দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে ভর্তুকিই দিতে হতে পারে এক লাখ কোটি টাকার বেশি।
জানা গেছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা থেকে তা ৭২ হাজার কোটি টাকা বেশি। সূত্র জানায়, যেসব প্রক্ষেপণ করা হয়েছে, তা চূড়ান্ত নয়।
চলতি ২০২২-২৩ অর্থবছরের আর্থিক, মুদ্রা ও মুদ্রাবিনিময় হারসংক্রান্ত সমন্বয় কাউন্সিলের প্রথম বৈঠক এটি। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুযায়ী, প্রতি অর্থবছরের মাঝামাঝি সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। গতকালের বৈঠকের আলোচ্যসূচি ছিল দেশের অর্থনীতির বিভিন্ন খাতের অগ্রগতি এবং বিশ্ব ও জাতীয় অর্থনীতিতে ইতিমধ্যে সূচিত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে চলতি ২০২২-২৩ অর্থবছরের সামষ্টিক অর্থনৈতিক কাঠামো (এমটিএমএফ) পর্যালোচনা এবং চলতি অর্থবছরসহ ২০২৩-২৪ থেকে ২০১৫-২৬ অর্থবছর পর্যন্ত এমটিএমএফের সূচকগুলোর প্রক্ষেপণের ওপর আলোচনা। সূত্রগুলো জানায়, বেশি আলোচনা হয় মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির হার নিয়েই।
প্রবৃদ্ধি একই, মূল্যস্ফীতি ২% বেশি
চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ। বৈঠক সূত্র জানায়, আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হারও একই অর্থাৎ ৭ দশমিক ৫ শতাংশ ধরার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে গত অক্টোবরে বিশ্বব্যাংক বলেছে, চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ। তার আগে সংস্থাটি পূর্বাভাস দিয়েছিল, এ প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। বিশ্বব্যাংক আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রবৃদ্ধির হারের প্রাক্কলন করেছে গত অক্টোবরে ৬ দশমিক ২ শতাংশ।
বিশ্বব্যাংকের মতে, উচ্চ মূল্যস্ফীতি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে করোনা মহামারির অভিঘাত থেকে বাংলাদেশের পুনরুদ্ধার ব্যাহত হবে। প্রবৃদ্ধি কমে যাওয়ার এটাই হবে অন্যতম কারণ।
বিশ্বব্যাংকের চেয়ে আরেক উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রাক্কলন একটু বেশি হয় সব সময়, যা সরকারি লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকে। এডিবি বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৬ শতাংশ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় চলতি পঞ্জিকা বছরের ফেব্রুয়ারির শেষ দিকে। আর চলতি অর্থবছরের বাজেট করা হয় জুনে। বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ দশমিক ৬ শতাংশ। দুই মাসের মাথায় এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গত আগস্টে মূল্যস্ফীতি ওঠে ৯ দশমিক ৫২ শতাংশে। সেপ্টেম্বরে তা ৯ দশমিক ১০ শতাংশে নেমে আসে এবং অক্টোবরে নেমে আসে ৮ দশমিক ৯১ শতাংশে। প্রবণতা নিম্নমুখী। সে বিবেচনায় আগামী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২ শতাংশ বেশি।
বৈঠক সূত্র থেকে পাওয়া তথ্যগুলো বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনকে জানালে তিনি বলেন, খাদ্য মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামলেও ওষুধ, কাপড়সহ খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি এখনো ১০ শতাংশের কাছাকাছি। কৃচ্ছ্রের কথা বলা হয়েছিল, কিন্তু কৃচ্ছ্রতাটা কোথায়? আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমছে ভালো। মূল্যস্ফীতি কমানোর অভ্যন্তরীণ কৌশলও তো থাকতে হবে। কিন্তু দেখছি সরকার এ ফাঁকে ব্যাংক খাত থেকে ৩০ হাজার কোটি টাকা নিয়েছে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়ার কারণ হবে। সুতরাং আগামী বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ ধরার বিবেচনাটা বোধগম্য নয়।
রাজস্ব আয় বাড়বে না, আবার প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এ হারকে বেশি বলেই মনে করছেন জাহিদ হোসেন। তিনি বলেন, ‘৭ দশমিক ৫ তো শক্তিশালী অর্থনীতির নির্দেশক। ছয় মাসে কী দেখলাম? এখন বলা হচ্ছে, ব্যবসায়ীরা টাকা ফেরত দিতে পারছেন না। সরকারের প্রাক্কলনের সঙ্গে বাস্তব অঙ্ক কিছুতেই মিলছে না।’
রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে না
চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর এনবিআর-বহির্ভূত করব্যবস্থা থেকে রয়েছে ৬৩ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা মেটানো হবে ব্যাংকঋণ, বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থে।
সূত্র জানায়, গতকালের বৈঠক থেকে সিদ্ধান্ত এসেছে যে আগামী অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো হবে না। ২০২০-২১ অর্থবছরে এনবিআরের অর্জন লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা ধরা হয়েছিল। পরেরবার অর্থাৎ ২০২১-২২ অর্থবছরেও এ লক্ষ্যমাত্রা একই ধরা হয়েছিল।
সূত্রগুলো জানায়, আগামী অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হবে ৬ শতাংশ। চলতি অর্থবছরের জন্য বাজেট ঘাটতি ধরা হয়েছিল ৫ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হচ্ছে তিন লাখ কোটি টাকার কাছাকাছি।
দুটি বাজেট উপস্থাপন করা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এসব নিয়ে প্রথম আলোকে বলেন, ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে যৌক্তিক বলেই মনে হচ্ছে। তবে জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ অবাস্তব, যেখানে রাজস্ব আয় বৃদ্ধির তেমন কোনো আয়োজন নেই।
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা একটু বেশি থাকলে অসুবিধা কোথায়—এমন প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, ‘অর্থনীতির তথ্য-উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে তখন প্রশ্ন ওঠে। যেমন প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান সম্পর্কিত। দেখা গেল প্রবৃদ্ধি বাড়িয়ে দেখালাম, কিন্তু মানুষ কাজের অভাবে ভুগছে। উচ্চ প্রবৃদ্ধির কথা বলে অহেতুক আশার সঞ্চার করে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে নেই।’