মেট্রোতে চেপে ব্যবসা-বাণিজ্যে নতুন মোড়
মাঝেমধ্যেই উত্তরার ডিপো থেকে বেরিয়ে আসছে ঝাঁ–চকচকে একেকটি মেট্রোরেল। তারপর গতির তুফান ছুটিয়ে একের পর এক স্টেশন ছুঁয়ে আগারগাঁও পর্যন্ত যাওয়া-আসা করছে বিদ্যুৎ–চালিত এই যান। পরীক্ষামূলক এই চলাচল জানান দিচ্ছে, শিগগিরই মেট্রোরেলের জমানা শুরু হতে যাচ্ছে। সেই স্বপ্নের মেট্রোরেলে চেপে যানজটকে ছুটি দেওয়ার প্রহর গুনছে ঢাকাবাসী, সুনির্দিষ্ট করে বললে উত্তরা ও মিরপুরের বাসিন্দারা।
রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তাব্যক্তিরা আগেই ঘোষণা দিয়েছেন, আগামী ডিসেম্বরেই উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্প থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। ইতিমধ্যে উত্তরার উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি-৬ লাইনের প্রথম পর্যায়ের (উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্প থেকে আগারগাঁও) পূর্তকাজের অগ্রগতি ৯৪ দশমিক ৩৪ শতাংশ।
ঘোষণা অনুযায়ী, মেট্রোরেলের একাংশ বা প্রথম পর্যায়ের উদ্বোধন হতে বাকি প্রায় দুই মাস। তবে মেট্রোরেল চালুর আগেই মিরপুরের মেট্রোকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য চাঙা হতে শুরু করেছে। পল্লবী মেট্রো স্টেশনের পাশের পুরোনো কয়েকটি কারখানা ভবন বাণিজ্যিক ভবনে রূপান্তর হচ্ছে। সেখানে দেশের শীর্ষস্থানীয় পোশাক ও খাবারের ব্র্যান্ড আস্তানা গড়ে তুলছে। ফলে ধীরে ধীরে পুরো এলাকা শপিংয়ের নতুন হাব হয়ে উঠছে। আবার মেট্রোরেলের কল্যাণে উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্প ও তার আশপাশের এলাকায় শত শত আবাসন প্রকল্প হচ্ছে। পাশাপাশি নতুন করে রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্র গড়ে উঠছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলেছে। সব মিলিয়ে দেশের প্রথম মেট্রোরেলের কারণে মিরপুরের কিছু এলাকার পাশাপাশি উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পে বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়েছে।
ঢাকার যোগাযোগব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ২০১৬ সালে এমআরটি-৬ লাইনের কাজ শুরু হয়। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেলের স্টেশন থাকবে ১৭টি। গত মাসে মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করে সরকার। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে।
ব্যবসায়ীদের দুর্ভোগ কমছে
রাজধানীর ব্যস্ততম বেগম রোকেয়া সরণি সড়কের একটা বড় অংশ দখল করে মেট্রোরেলের নির্মাণকাজের কারণে বছরের পর বছর মিরপুরের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ব্যবসায়ীরাও কঠিন সময় পার করেছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ গোলচত্বর পর্যন্ত দুই পাশের শত শত ব্যবসাপ্রতিষ্ঠান। নির্মাণকাজের কারণে দিন–রাত সড়কে যানজট লেগে থাকার কারণে অনেক প্রতিষ্ঠানই দিনের পর দিন ক্রেতার দেখা পায়নি। লোকসান গুনতে গুনতে কেউ কেউ ব্যবসাও গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছেন।
মেট্রোরেলের মূল অবকাঠামোর নির্মাণকাজ শেষ। বর্তমানে স্টেশনের কাজ চলছে। ফলে স্টেশনের জায়গাটুকু ছাড়া বাকি সড়কের ওপর থাকা নির্মাণ সরঞ্জাম সরিয়ে নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। তবে স্টেশনের দুই পাশে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখনো কিছু সমস্যার মধ্যে রয়েছে। স্টেশনের সিঁড়িসহ অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ চলমান থাকার কারণে সেখানকার কিছু দোকানপাটে প্রবেশ করাই কষ্টকর। তা ছাড়া স্টেশনের নিচের জায়গা পুরোটাই অন্ধকার। এই ভুতুড়ে পরিবেশের কারণে স্টেশনের নিচের দুই পাশের ব্যবসা-বাণিজ্যে গতি এখনো ফেরেনি।
তারপরও পুরোনো ব্যবসায়ীরা আশা দেখছেন। মেট্রোরেল চালু হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, এমন প্রত্যাশায় রয়েছেন। তেমনই একজন চায়না গার্ডেন ফার্নিচারের স্বত্বাধিকারী মফিজুল ইসলাম। শেওড়াপাড়া এলাকায় ১৪ বছর ধরে আসবাব বিক্রির ব্যবসা করছেন তিনি। আলাপকালে প্রথম আলোকে তিনি বলেন, ‘মেট্রোরেল নির্মাণের খবর শুনে শুরুতে ব্যবসা নিয়ে অনেক আশাবাদী ছিলাম। তবে কাজ শুরু হলে ক্রেতার সংখ্যা কমতে থাকে। এরপর করোনার কারণে বিক্রি আরও কমে যায়। এখন আশা নিয়ে আছি, মেট্রোরেলের কাজ সম্পূর্ণ শেষ হলে ব্যবসায় আবার গতি ফিরবে।’
স্টেশনকেন্দ্রিক বাণিজ্য
উত্তরার উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত রয়েছে ৯টি স্টেশন। মেট্রোরেলে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে এসব স্টেশনে আসবেন যাত্রীরা। ফলে স্টেশনের আশপাশের ব্যবসা-বাণিজ্য চাঙা হবে।
এ ছাড়া ডিএমটিসিএল জানিয়েছে, নির্মাণ ব্যয়ের মতোই এ মেগা প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার খরচও তুলনামূলক বেশি। ফলে কেবল যাত্রী পরিবহন করে মেট্রোরেলের ব্যয় মেটানো কঠিন হবে। এ জন্য বাড়তি আয়ের লক্ষ্যে স্টেশনে বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নীতিমালাও করা হচ্ছে। এখন পর্যন্ত এমআরটি-৬ লাইনের চারটি স্টেশনের চত্বরে পর্যাপ্ত জায়গা রেখে বানানো হচ্ছে স্টেশন প্লাজা।
জানতে চাইলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সম্প্রতি বলেন, মেট্রোরেলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক কার্যক্রম বাড়বে। স্টেশনগুলোতেও কিছু বাণিজ্যিক কার্যক্রমের পরিকল্পনা আছে। যে চারটি স্টেশন প্লাজা থাকবে, সেখানে সীমিত পরিসরে কিছু দোকান স্থাপন করা হবে।
মিরপুরে বাড়ছে বাণিজ্যিক কর্মকাণ্ড
চলতি বছরে জনশুমারির হিসাবে ঢাকায় বসবাস করে ১ কোটি ২ লাখ মানুষ। তার একটা বড় অংশ বসবাস করে ৫৮ দশমিক ৬৬ বর্গকিলোমিটার আয়তনের মিরপুরে। ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ নানান পেশার নিম্ন, মধ্য ও উচ্চমধ্যবিত্ত পরিবার এই অঞ্চলে বসবাস করলেও আসবাব, বেনারসিপল্লি, তৈরি পোশাকের কিছু কারখানা আর হাতে গোনা কয়েকটি বিপণিবিতানের বাইরে মিরপুরে বাণিজ্যিক কর্মকাণ্ড কিছুটা কম। যদিও আগে থেকেই জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স, গ্রামীণ ব্যাংক ভবন, প্রশিকার প্রধান কার্যালয়, জাতীয় চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এ এলাকায়।
মিরপুরে স্থানীয় অনেক আবাসনপ্রতিষ্ঠান আবাসন প্রকল্প তৈরি করলেও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এ এলাকায় প্রকল্প হাতে নিয়েছে খুবই কম। তবে মেট্রোরেলের নির্মাণকাজ শুরুর পর শীর্ষস্থানীয় অনেক আবাসনপ্রতিষ্ঠান মিরপুরে বিশেষ নজর দিয়েছে। যেমন র্যাংগস প্রপার্টিজ শেওড়াপাড়া এলাকায় ৫৯ কাঠা জমির ওপর তরু কাব্য নামে কনডোমিনিয়াম আবাসন প্রকল্প গড়ে তুলছে। সেখানে অ্যাপার্টমেন্ট থাকছে দেড় শর বেশি। আবার মিরপুরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে হাঁটা দূরত্বেই ইস্টার্ন হাউজিং গড়ে তুলছে আধুনিক আবাস। নিজস্ব ৩৩ কাঠা জমির ওপর গড়ে ওঠা ‘ইস্টার্ন নবারুন’ নামের প্রকল্পটিতে ৮৬টি ফ্ল্যাট থাকবে।
জানতে চাইলে এনটেক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় নতুন নতুন আবাসন প্রকল্প নির্মাণ শুরু হয়। দেশের শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান যারা মধ্যবিত্তের জন্য আবাসন প্রকল্প করে থাকে, তারাও মিরপুরমুখী হয়েছে।
মোটাদাগে মিরপুর ১০, মিরপুর ১ ও ২ এবং মিরপুর ১২–কেন্দ্রিক বাণিজ্যিক কর্মকাণ্ড বেশি। মেট্রোরেলকে কেন্দ্র করে এ এলাকার সব জায়গা নতুন করে জমজমাট হচ্ছে। ১০ নম্বর গোলচত্বরে মিরপুর শপিং ওয়ার্ল্ড নামে ১৫ তলা বিপণিবিতান গড়ে উঠছে। তার পাশে এফ এস স্কয়ার নামে আরেকটি বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ চলছে। ১৭ তলা এই ভবনের প্রথম ৯ তলা হবে বিপণিবিতান। তার ওপরের তলায় থাকবে করপোরেট প্রতিষ্ঠানের কার্যালয়, এমনটাই জানালেন নির্মাতা প্রতিষ্ঠানের একজন কর্মী।
সম্প্রতি সরেজমিনে মিরপুর ১১ মেট্রো স্টেশন থেকে পল্লবীর দিকে যেতেই ইলেকট্রনিক, গৃহস্থালি, পোশাক ও খাবারের ব্র্যান্ডের নতুন নতুন বিক্রয়কেন্দ্র চোখে পড়ে। পল্লবী স্টেশন পার হতে সবকিছু কেমন যেন বদলে গেল। স্টেশন শেষ হতেই হাতের ডানে পুরোনো একটি ভবন সংস্কার করে সামনে গ্লাস লাগিয়ে প্রায় নতুন করে ফেলা হয়েছে। পাশের দেয়াল না দেখলে বোঝার কোনো উপায় নেই এটা পুরোনো ভবন। সেই ভবনের নিচে খাবারের বিখ্যাত দুই ব্র্যান্ড কেএফসি ও ডোমিনোস পিৎজা বিক্রয়কেন্দ্র চালু করেছে। দোতলায় রয়েছে বিএফসি। তৃতীয় তলায় খাবারের আরেক ব্র্যান্ড খানাসের সাইনবোর্ড। বোঝাই যাচ্ছে, শিগগিরই তারাও আসছে।
রাস্তা পার হয়ে অপর পাশে যেতেই গ্রামীণ ইউনিক্লোর চোখধাঁধানো দোতলা বিক্রয়কেন্দ্র। পাশেই মিনিসো। ওপরে তাকাতেই বোঝা গেল, ভবনটিতে একসময় পোশাক কারখানা ছিল। সেটিকে রূপান্তর করে বাণিজ্যিক ভবন করা হয়েছে। তার পাশে সুলতান ম্যানশন। তার পরে আরেকটি বিপণিবিতানে পোশাকের ব্র্যান্ড আড়ং, লা রিভসহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এটি পার হওয়ার পরেই হাজী কুজরত আলী মোল্লা সুপারমার্কেটে স্বপ্ন, ইনফিনিটি, আর্টিসানের বিক্রয়কেন্দ্র। ভবনটির ওপরের দিকে তাকাতেই দেখা গেল, নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠানকে ভাড়া দিতে সংস্কারকাজ করা হয়েছে। তারপর রমজাননেছা সুপারমার্কেটে নতুন বিক্রয়কেন্দ্র করেছে পোশাকের ব্র্যান্ড টুয়েলভ। আরও আছে পোশাকের ব্র্যান্ড বেবি শপ ও জুতার ব্র্যান্ড লোটো। এই সব কটি ভবনেই একসময় পোশাক কারখানা ছিল। গত কয়েক বছরে সেগুলো বাণিজ্যিক ভবন ও বিপণিবিতানে রূপান্তর করা হয়েছে বলে এলাকার কয়েকজন জানান।
জানতে চাইলে পোশাকের ব্র্যান্ড টুয়েলভের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘মিরপুরে সব শ্রেণি–পেশার মানুষ বসবাস করেন। ফলে ঢাকার অন্য যেকোনো এলাকার চেয়ে মিরপুরের বিক্রয়কেন্দ্রে বিক্রি ভালো। মিরপুরে আমাদের তিনটি বিক্রয়কেন্দ্র রয়েছে। আরও একটি বিক্রয়কেন্দ্র করার সুযোগ রয়েছে বলে আমাদের মনে হয়। মেট্রোরেল চালু হওয়ার পর ব্যবসা আরও বাড়বে বলে আমাদের প্রত্যাশা।’
উত্তরায় আবাসনের নতুন ‘হাব’
১৯৯৯ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরা আবাসিক শহর তৃতীয় পর্যায় প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্পে ২ হাজার ৮ একর জায়গায় মোট ৮ হাজার ২৯৫টি প্লট তৈরি করা হয়। তৃতীয় পর্যায়ে পরিকল্পিত সেক্টরগুলো হচ্ছে ১৫, ১৬, ১৭ ও ১৮। প্লটের সীমানা নির্ধারণ ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় সেখানে আবাসন প্রকল্প নেওয়া যাচ্ছিল না। তবে মেট্রোরেলের নির্মাণকাজ শুরুর পর থেকে সেখানে ধীরে ধীরে আবাসন প্রকল্পের কাজ শুরু হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দিয়াবাড়ি এলাকায় এক শর বেশি আবাসিক ভবনের নির্মাণকাজ চলছে। এসব ভবনের অধিকাংশই নির্মাণ করছে আবাসন কোম্পানি। তার মধ্যে উল্লেখযোগ্য জিএলজি অ্যাসেটস লিমিটেড, গ্রিন প্রপার্টি ডেভেলপমেন্ট, একে হাউজিং, জমজম প্রপার্টিজ, ওয়েস্টার্ন হোল্ডিংস ইত্যাদি।
মেট্রোকে কেন্দ্র করে উত্তরা ১৪ নম্বরের সেক্টরে ১৩৪ বিঘা জমির ওপর আধুনিক শহর গড়ে তুলছে রূপায়ন গ্রুপ। রূপায়ন সিটি উত্তরা নামের এই প্রকল্পে স্কুল, খেলার মাঠ, মসজিদ, ব্যায়ামাগার, সুপারশপ, শপিং মল, মেডিকেল কলেজ ও হাসপাতাল, চার তারকা মানের হোটেলসহ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থাকবে।
জানতে চাইলে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন প্রথম আলোকে বলেন, মেট্রোরেলের কল্যাণে উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পে নতুন নতুন আবাসন প্রকল্প গড়ে উঠছে। ঢাকা মহানগরের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) অনুমোদন দিয়েছে সরকার। ড্যাপ অনুযায়ী, গুলশান, বারিধারা, ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় অধিকাংশ জায়গাতে আগের চেয়ে কম উচ্চতার ভবন নির্মাণ করতে হবে। তবে মেট্রোরেলের স্টেশনের আশপাশের আবাসন প্রকল্পে বেশি উচ্চতার ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এটি ইতিবাচক। এ কারণে দিয়াবাড়ি এলাকায় আবাসনের নতুন হাব হবে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে নাগরিক সুযোগ-সুবিধাও বাড়াতে হবে সেখানে।