ঢাকায় আগামী মাসে হবে বাংলাদেশ বিজনেস সামিট
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে আগামী মাসে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ শীর্ষক তিন দিনের সম্মেলনের আয়োজন করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। মার্চের ১১-১৩ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এই সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, সংগঠনের প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে এই সামিটের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনাকে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে তুলে ধরতে এই আয়োজন ভূমিকা রাখবে।
দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, বাধা এবং উত্তরণের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক এবং নীতিনির্ধারকদের নিয়ে ৩টি প্লেনারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা, ব্যবসায়ী বৈঠক (বিটুবি মিটিং) ইত্যাদি অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১২ থেকে ১৫টি দেশের মন্ত্রী অংশ নেবেন বলে আমরা আশা করছি। পাশাপাশি কয়েকটি বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এবং ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনারকেও আনার চেষ্টা চলছে। তা ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বড় কোম্পানির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।’
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, টেকসই শিল্পায়নের লক্ষ্যে সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। বেসরকারি বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো উন্নয়ন করছে। সুতরাং এখনই সময় বাংলাদেশকে ব্র্যান্ডিং করার। এখনই সময় আমাদের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে যাত্রাকে ত্বরান্বিত করা।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্কিন কেব্ল টিভি চ্যানেল সিএনএন দেশের ব্যবসা পরিবেশ, বিনিয়োগের সুযোগ এবং টেকসই উন্নয়নের ওপর প্রচারণা চালাবে। সামিটে সিএনএনের বিজনেস এডিটর-অ্যাট-লার্জ রিচার্ড কোয়েস্টের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া বাংলাদেশে উৎপাদিত সেরা পণ্যগুলোকে সামিটে উপস্থাপন করার জন্য ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’–এর আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য উদ্যোক্তাদের মধ্যে ‘বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ সম্মাননা প্রদান করা হবে।
এক্সপোতে টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত খাবার, চামড়া, সিরামিক, পাট, হস্তশিল্পসহ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতের পণ্য এবং পরিষেবা প্রদর্শিত হবে। এই সামিটে অংশ নিতে ব্যবসায়ীসহ আগ্রহী সবাই ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্মেলনটি আয়োজনে সহযোগিতা করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, হাবীব উল্লাহ, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিজনেস সামিটের প্রধান কারিগরি উপদেষ্টা এম মাশরুর রিয়াজ প্রমুখ।