মেটলাইফের শিক্ষাবিমা
অনিশ্চয়তায় পড়বে না সন্তানের শিক্ষাজীবন
১২ থেকে ২০ বছর পর্যন্ত মেয়াদে মাই চাইল্ডস এডুকেশন প্রোটেকশন প্ল্যান গ্রহণ করার সুযোগ রয়েছে।
সন্তানের পড়াশোনা নিয়ে কমবেশি সব অভিভাবকই চিন্তায় থাকেন। সচেতন অভিভাবকদের অনেকেই সন্তানের উচ্চশিক্ষাকে সুরক্ষিত করতে বিমা করেন। অভিভাবকের মৃত্যু বা অনুপস্থিতিতে যাতে সন্তানের উচ্চশিক্ষা বাধাগ্রস্ত না হয়, সে জন্য ‘মাই চাইল্ডস এডুকেশন প্রোটেকশন প্ল্যান’ শীর্ষক নতুন বিমা পণ্য বা পলিসি চালু করেছে মেটলাইফ বাংলাদেশ।
মেটলাইফ বাংলাদেশ জানিয়েছে, অর্থনৈতিক অনিশ্চয়তায় সন্তানের শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য নতুন এ বিমা পণ্যে অভিভাবকদের জন্য রয়েছে নানা সুবিধা। এই পলিসিতে সঞ্চয়ের পাশাপাশি অভিভাবকের মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিমা নিরাপত্তা সুবিধাও রয়েছে।
বিমা পলিসি গ্রহণকারী অভিভাবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে পলিসির অভিহিত মূল্যের ১০০ শতাংশ টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবে বিমাকারীর পরিবার। এ ছাড়া বিমা দাবি নিষ্পত্তির সময় শেষ হওয়া পর্যন্ত প্রতি মাসে অভিহিত মূল্যের ২ শতাংশ করে টাকা ক্ষতিগ্রস্ত পরিবারটি পাবে। এই সময়ে কোনো প্রিমিয়ামও প্রদান করতে হবে না। আবার বিমা পলিসির মেয়াদ পূর্তিতে প্রযোজ্য বোনাসসহ আংশিক মেয়াদ পূর্তি ও মেয়াদ পূর্তির টাকাও পাবে পরিবারটি। অন্যদিকে বিমাকৃত শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে বিমাগ্রহীতা প্রযোজ্য বোনাসসহ প্রদত্ত প্রিমিয়াম অথবা পলিসির ক্যাশ ভ্যালুর মধ্যে যেটি বেশি সেই অর্থ পাবেন। ১২ থেকে ২০ বছর পর্যন্ত মেয়াদে মাই চাইল্ডস এডুকেশন প্রোটেকশন প্ল্যান গ্রহণ করার সুযোগ রয়েছে।
প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষে কোনো দায় থাকলে তা বাদ দিয়ে অভিহিত মূল্যের ৫০ শতাংশ অর্থ গ্রাহককে দেবে মেটলাইফ বাংলাদেশ। তারপর পলিসির মেয়াদ পূর্তিতে কোনো দায় থাকলে, তা বাদ দিয়ে অর্জিত বোনাসসহ অভিহিত মূল্যের বাকি ৫০ শতাংশ পাবেন গ্রাহক। এ ছাড়া এই পলিসিতে বিনিয়োগ করলে মেটলাইফের মেডিকেল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবায় ৪০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় পাবেন গ্রাহকেরা।
মেটলাইফ বাংলাদেশের তথ্যানুযায়ী, সন্তানের সর্বনিম্ন বয়স ৩০ দিন থেকে ১৫ বছরের মধ্যে হলে নতুন এ বিমা পলিসি খুলতে পারবেন অভিভাবকেরা। এ ক্ষেত্রে অভিভাবকের বয়স ২১ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। তবে সন্তানের বয়স ও পলিসির মেয়াদের যোগফল ২৭ বছরের বেশি হতে পারবে না। আর পলিসির অভিহিত মূল্য সর্বনিম্ন দুই লাখ টাকা হতে হবে। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে পলিসির প্রিমিয়াম দেওয়া যাবে।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘অভিভাবকদের আর্থিক অনিশ্চয়তার দুশ্চিন্তা দূর করার লক্ষ্যে আমরা এই নতুন শিক্ষাবিমাটি নিয়ে এসেছি, যাতে করে অভিভাবকদের সফল সন্তান গড়ে তোলার স্বপ্নে কোনো বাধা না আসে।’
১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে মেটলাইফ ১৯৯৭ সাল থেকে শীর্ষস্থানীয় জীবন বিমাকারী প্রতিষ্ঠান। তারা বাংলাদেশে ১০ লাখের বেশি গ্রাহক ও ৮ শতাধিক প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে।