দেশে অন্য যেকোনো সময়ের তুলনায় গত দেড় দশকে বৈষম্য বেশি বেড়েছে। এই বৈষম্য বহুমাত্রিক—সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক। দেশে যে প্রক্রিয়ায় উন্নয়ন ঘটছে, তা বৈষম্য নিরসনে সহায়ক নয়। সে জন্য উন্নয়নের নতুন ধারা তৈরি করতে হবে।
অন্তর্বর্তী সরকারকে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি (মূল্যস্ফীতি ও অন্যান্য)—এই চারটি বড় জায়গায় জোর দিতে হবে। এর মধ্যে সরকার অবশ্য সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য নিয়ে সচেষ্ট রয়েছে। অন্য তিনটি জায়গা উন্নতি করতে রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দরকার।
‘তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৪: বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শিরোনামে আয়োজিত এক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। দৈনিক বণিক বার্তা আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারের দুজন উপদেষ্টা ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থনীতিবিদ, ব্যাংকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। তাঁরা বৈষম্য সৃষ্টির সুযোগ বন্ধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈষম্য নিরসন, ব্যবসা সহজীকরণ এবং নিয়ন্ত্রণ সংস্থার জবাবদিহি নিশ্চিতকরণে জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই। আমাদের এজেন্ডা হলো দেশের স্বার্থ। আমরা চেষ্টা করছি কিছু করতে। আমাদের সিদ্ধান্তগুলো খুব দ্রুত হয়। তার মানে বিশৃঙ্খল সিদ্ধান্ত নয়। ভাবনাচিন্তা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তা ছাড়া আমরা একটা ফুটপ্রিন্টও রেখে যেতে চাই। অতীতে দেখা গেছে, এক সরকার এসে আগের সরকারের সবকিছু ছুড়ে ফেলে। তবে আমরা ফুটপ্রিন্ট রেখে যাব। ভবিষ্যতে সেটিকে ধরে রাখতে রাজনৈতিক সরকারকে মানুষ চাপ দেবে।’ তিনি আরও বলেন, উন্নয়ন কৌশল পুনর্নির্ধারণ করতে হবে। নিচের দিকের মানুষের মধ্যে উন্নয়নের যৌক্তিক বণ্টন হচ্ছে কি না, সেটিও দেখতে হবে।
বাণিজ্য উপদেষ্টা হিসেবে প্রথম দিন কয়েক ঘণ্টা অফিস করে এই সম্মেলনে আসেন সেখ বশির উদ্দিন। তিনি বলেন, ‘আমি সারা দেশে যাব। ব্যবসার খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করব।’
বাংলাদেশে অর্থনৈতিক মন্দা হবে না। তবে দেশে প্রবৃদ্ধির গতি যে কমে গেছে, তা অনিবার্যই ছিল বলে মন্তব্য করেছেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘দেশের আর্থিক খাত সবচেয়ে দুর্বল, এমনকি পাকিস্তানের চেয়েও। আর্থিক খাতের এই দুর্বলতার ছাপ দেশের অর্থনীতিতে পড়েছে। এর জের টানতে হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে এখন পর্যন্ত ভবিষ্যৎমুখী কিছু করা সম্ভব হয়নি, বরং অতীতের জের টানা ও সংশোধনমূলক কাজ করতে হচ্ছে আমাদের।’
বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগের ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘আমরা কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করিনি। বেক্সিমকোকে সচল রাখতেই রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। কয়েক মাস ধরে সরকার বেক্সিমকোর কর্মীদের বেতন-ভাতা দিচ্ছে। তাদের অর্থ যেন অন্যত্র চলে না যায়; রপ্তানির অর্থ যেন দেশে আসে, সেটি নিশ্চিত করবেন রিসিভার।’
আহসান এইচ মনসুর আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা। এটি না হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না। এ জন্য ছয় থেকে আট মাস সময় দিতে হবে। গত তিন মাসে আমরা কোনো ডলার বিক্রি করিনি। সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর উন্নতি করতে পারলে এমনিতেই ব্যবসা হবে। বিনিয়োগও আসবে।’
অটোমেশন না হওয়া পর্যন্ত সনাতনী পদ্ধতিতে করনথির নিরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘আমরা এমন ব্যবস্থা করতে চাই যাতে করদাতাদের কর কার্যালয়ে আসতে না হয়। জমি ক্রয়-বিক্রয়ের বর্তমান ব্যবস্থার মাধ্যমে আমরা জাতিকে মিথ্যাবাদী বানিয়েছি। এখান থেকে জাতিকে উদ্ধার করতে হবে।’
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতি কয়েকজন লোকের হাতে চলে গেছে। অর্থনীতিকে গণতান্ত্রিক করা না গেলে সাধারণ মানুষের কাজে আসবে না। অর্থনীতিতে সবার জন্য সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যে যে টাকার ব্যবহার করার কথা, তার একটা অংশ মেগা প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। এতে জনমিতিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বিএনপি থেকে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে ক্ষমতা গেলে জিডিপির ৫ শতাংশ করে স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ রাখা হবে।’
আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্য ধাক্কা দিয়ে ভাঙতে হবে বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, অনেক মেগা প্রকল্পের নামে অর্থের অপচয় হয়েছে। এগুলোকে ‘ভ্যানিটি প্রকল্প’ নামে ডাকা উচিত। মেগা প্রকল্পের প্রয়োজন থাকলেও ভ্যানিটি প্রকল্পের প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে আছে। তারা ঢাকার বাইরে যাচ্ছে না। তাদের মাঠে যেতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেন, ‘সুযোগের সমতার অভাবেই আমাদের দেশে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। কাজেই বৈষম্য সৃষ্টি করাটা বন্ধ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দরকার। শিক্ষা ও স্বাস্থ্যে যে বৈষম্য আছে, তা বন্ধ করে উন্নয়নের নতুন ধারা তৈরি করতে হবে।’ একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জোর দেন তিনি।
ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ জাভেদ আখতার বলেন, চলতি বছরের প্রথম আট মাসে ভিয়েতনাম ১৪ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে। বাংলাদেশ এক বিলিয়ন ডলারও পায়নি। বিদেশি বিনিয়োগের জন্য নিয়মকানুন সহজ করতে হবে। একই সঙ্গে নীতির ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ।
মেট্রো চেম্বারের সাবেক সভাপতি নিহাদ কবির বলেন, বাংলাদেশে অনেক ভালো আইন আছে। তবে সেসব আইনি কাঠামো ব্যবহৃত হয়েছে বৈষম্য সৃষ্টির জন্য, নিরসনের জন্য নয়। বিদ্যমান আইনের ৬০ থেকে ৭০ শতাংশ বাদ দিলে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না। বরং অর্থনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, মূল্যস্ফীতি কমাতে সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে অর্থনীতিকে গলা টিপে ধরলে সমস্যার সমাধান হবে না। দেশের অর্থনীতি ভালো করতে হলে রাজনীতি ভালো করতে হবে।
মুক্ত আলোচনায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘উদ্যোক্তারা দুর্দান্তভাবে এগোতে চান। তবে তাঁরা বিভিন্ন সমস্যায় ভুগছেন। মূল সমস্যা হচ্ছে আমলাতন্ত্র। ভিয়েতনামে সাত দিনে নতুন একটি কোম্পানি ব্যবসা শুরু করতে পারলেও আমাদের এখানে সাত মাস লেগে যাচ্ছে।’ সে জন্য নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতকরণে জোর দেন এই শিল্পোদ্যোক্তা।
গত ১৫ বছরে ব্যাংক খাতে সুনামি বয়ে গেছে বলে মন্তব্য করেন ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন। তিনি বলেন, অনিয়ম–অরাজকতা ও দুর্নীতির কারণে ব্যাংক খাত নাজুক অবস্থায় চলে গিয়েছিল। বর্তমান গভর্নরের বেশ কিছু সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে স্বস্তি আসছে। ডলারের দরে স্থিতিশীলতা ফিরছে। তিনি আরও বলেন, চার থেকে পাঁচ বছরের মধ্যে ব্যাংক খাতের ল্যান্ডস্কেপের পরিবর্তন হয়ে যাবে। এত ব্যাংক থাকবে না।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন, দুর্বল ব্যাংকগুলো নিয়ে কাজ করতে হবে। সব কটি দুর্বল ব্যাংক নিয়ে একটি ব্যাংক করা যেতে পারে। কারণ, দুর্বল ব্যাংকগুলো বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, খেলাপি ঋণ ভয়াবহ অবস্থায় রয়েছে। তবে, ব্যবসা-বাণিজ্যের গতি কমে গেলে খেলাপি ঋণ আরও বাড়বে।
সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য সায়মা হক বিদিশা, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। মুক্ত আলোচনায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার প্রমুখ।