ঢাকা ইপিজেডে চালু হলো ‘স্মার্ট ওয়্যারহাউস’

ঢাকা ইপিজেডে চালু হওয়া প্যাক্সার বাংলাদেশের অত্যাধুনিক স্মার্ট ওয়্যারহাউস পরিদর্শন করে দেখছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনছবি: বেপজার সৌজন্যে

তৈরি পোশাক ও জুতাশিল্পের প্রয়োজনীয় লেবেল ও প্যাকেজিং পণ্য দ্রুত এবং দক্ষতার সঙ্গে সরবরাহের লক্ষ্যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) চালু হয়েছে অত্যাধুনিক স্মার্ট ওয়্যারহাউস। এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এই প্রযুক্তিভিত্তিক ওয়্যারহাউস চালু করেছে।

আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ওয়্যারহাউসটি উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চালিত ৮৩০ বর্গমিটার আয়তনের এই স্মার্ট ওয়্যারহাউসে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন সংরক্ষণ করা যাবে। যেখানে পণ্য গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ, অর্ডারের ব্যাগিং ও সরবরাহ—সবকিছুই ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন হবে। এটি এভারি ডেনিসনের বৈশ্বিক ‘ম্যানুফ্যাকচারিং ৪.০’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশের শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি। মার্কিন কোম্পানিগুলো দক্ষতা ও নতুন প্রযুক্তির মাধ্যমে এই শিল্পসক্ষমতাকে আরও জোরদার করছে। এ ধরনের উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের গভীরতা প্রকাশ করে।’

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এভারি ডেনিসনের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো কেবল অর্থ বিনিয়োগ করছে না, তারা দেশের শিল্পে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান নিয়ে আসছে। এ ধরনের অটোমেশন বাংলাদেশের তৈরি পোশাক খাতের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।’

এ সময় মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সম্ভাব্য মার্কিন উদ্যোক্তাদের পটুয়াখালী ও যশোরে নির্মাণাধীন নতুন দুটি ইপিজেডে বিনিয়োগের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন প্যাক্সার বাংলাদেশ ২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং প্রায় দেড় হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।