ফলপ্রসূ আঞ্চলিক সহযোগিতায় নিজেদের প্রস্তুতি প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশগুলোর মধ্যে মুক্তবাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ফলপ্রসূ করতে অভ্যন্তরীণ প্রস্তুতি জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা। এতে মুক্তবাণিজ্যের অঙ্গীকার বাস্তবায়ন আরও গতি পাবে।

আজ সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবন মিলনায়তনে ‘দ্য আন্ডারস্ট্যান্ডিং অব ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট: দ্য রেটরিক অ্যান্ড রিয়েলিটি অব সাফটা’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এ কথা বলেন। বইটি লিখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস) মো. নেয়ামুল ইসলাম।

বইটি অর্থনীতির নীতিনির্ধারক ও গবেষকদের কাজে আসবে উল্লেখ করে মো. নেয়ামুল ইসলাম বলেন, ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি বা সাফটা কী উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল, বইটিতে তা তুলে ধরা হয়েছে। বাণিজ্য সহজীকরণ, শুল্ক ও বাণিজ্য–সম্পর্কিত সাধারণ চুক্তি বা গ্যাট অ্যাগ্রিমেন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।’

প্রধান অতিথির বক্তব্যে বইটি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, বইটির প্রতিপাদ্যের দুটি দিক রয়েছে। একটি হলো আন্তর্জাতিক বাণিজ্য ও অপরটি হলো আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক আইন। তবে বইটি মূলত মুক্তবাণিজ্যের অঙ্গীকারের ওপর লেখা। বিশেষভাবে সাফটার বিভিন্ন রেফারেন্স তুলে ধরা হয়েছে। বইটি আন্তর্জাতিক মুক্তবাণিজ্য, আন্তর্জাতিক আইন, অর্থনীতি ও গবেষণার ক্ষেত্রে উপকারে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৯৯৯ সালে সার্কের কনফারেন্সে সাফটার কর্মপরিকল্পনা করা হয়েছিল। ২০০৬ সালে সাফটা চুক্তি যখন সই করা হয়, তখনকার পরিবেশ ভিন্ন ছিল। সাফটার আলোকে হয়তো আমরা এখন আঞ্চলিক সহযোগিতা পাব না। রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনীতিতে পরিবর্তন এসেছে। বিষয়গুলো নিয়ে প্রস্তুতি জরুরি। সাফটার আঙ্গিকে বাণিজ্যে যে সমস্যা ও বাধাগুলো উঠে এসেছে, তা দূর করতে এই বই কাজে লাগবে।’

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘প্রয়োজনীয়তার জায়গা থেকে যখন দক্ষিণ এশিয়ার দিকে তাকাই, তখন দেখি, এখানে আঞ্চলিক সহযোগিতার পরিমাণ খুব কম; তবে আঞ্চলিক বাণিজ্য বেশি। বিশ্ববাণিজ্যের নিয়ম অনুযায়ী, দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে আছে ভারত ও বাংলাদেশ। পাশাপাশি সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতার দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, ভারত, ভুটান, পাকিস্তান ইত্যাদি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বাণিজ্য–বিশেষজ্ঞ আলী আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবু ইউসুফ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া ও দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন।