ঈদবাজারে বাড়ছে সেমাই বিক্রি, বেড়েছে দামও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

ঈদবাজারে অন্যান্য পণ্যের সঙ্গে বেড়েছে সেমাই বেচাকেনার পরিমাণ। সেমাই প্রস্তুতকারকেরা বলছেন, প্রতিবছর দেশে ঈদের সময় সেমাইয়ের চাহিদা বাড়ে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের মৌসুমেও সেমাইয়ের ভালো বেচাকেনা হবে বলে আশা তাদের।  

সেমাইকে সাধারণত উৎসবকেন্দ্রিক পণ্য মনে করা হয়। কিন্তু সারা বছরই বাসাবাড়ির ছোটখাটো নানা আয়োজনে এই পণ্যের কদর থাকে। তবে বিক্রেতারা জানাচ্ছেন, সেমাই সবচেয়ে বেশি বিক্রি হয় দুই ঈদের সময়।

বাজারে লাচ্ছা ও চিকন—এ দুই ধরনের সেমাই পাওয়া যায়। এর মধ্যে সাধারণত লাচ্ছা সেমাইয়ের চাহিদা বেশি থাকে। আগে বাজারে সনাতন পদ্ধতিতে তৈরি খোলা সেমাইয়ের প্রাধান্য থাকলেও এখন বিভিন্ন ব্র্যান্ডের মোড়কজাত সেমাই বেশি বেচাকেনা হতে দেখা যায়।

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং লিমিটেড আবাসিক এলাকার বাসিন্দা সালমা আলম জানালেন, প্রতি সপ্তাহে অন্তত এক দিন আমার বাসায় সেমাই রান্না হয়। এ ছাড়া যেকোনো বিশেষ উপলক্ষে কিংবা বাসায় কোনো মেহমান এলে অন্যান্য উপকরণের সঙ্গে সেমাইও পরিবেশন করা হয়।

দেশে সেমাইয়ের বাজার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সেমাই প্রস্তুতকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে সেমাইয়ের বার্ষিক চাহিদা ২০ থেকে ২৫ হাজার টন। অর্থমূল্যে এই বাজার প্রায় ২০০ কোটি টাকার। আর গত বছরের তুলনায় এ বছর সেমাইয়ের চাহিদা অন্তত ১৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিগুলো।

মোড়কজাত সেমাই উৎপাদনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া জানান, দেশে ৪০টির বেশি কোম্পানি রয়েছে, যারা তাদের উৎপাদিত সেমাই মোড়কজাত করে বিক্রি করে। এসব কোম্পানির বাইরে অনেক মৌসুমি প্রতিষ্ঠান উৎসবকেন্দ্রিক খোলা ও মোড়কজাত সেমাই উৎপাদন করে।

রাঁধুনী ব্র্যান্ডের চিকন সেমাই বিক্রি করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ। প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক এম এ মাহমুদ জানান, সেমাই মূলত উৎসব ও অনুষ্ঠানকেন্দ্রিক পণ্য। অর্থাৎ সারা বছর বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে সেমাই বিক্রি হয়। তবে সেমাইয়ের চাহিদা সবচেয়ে বেশি থাকে দুই ঈদের সময়।

এম এ মাহমুদ বলেন, বছরের মোট বিক্রির এক-তৃতীয়াংশ সেমাই বিক্রি হয় দুই ঈদের সময়। প্রতি মাসে স্কয়ারের আনুমানিক চার লাখ প্যাকেট সেমাই বিক্রি হয়। তবে ঈদের সময় বিক্রির পরিমাণ বেড়ে তিন গুণ হয়ে যায়।

দেশে বর্তমানে খোলা সেমাইয়ের তুলনায় বিভিন্ন ব্র্যান্ডের সেমাইয়ের ক্রেতার সংখ্যা বাড়ছে। ভালো সেমাই উৎপাদন করে এমন পরিচিতি পাওয়া ব্র্যান্ডগুলোর মধ্যে বনফুল, প্রাণ, কিষোয়ান, কুলসন, ওয়েল ফুড ও স্কয়ার অন্যতম। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে গড়ে ওঠা বিভিন্ন কোম্পানি সেমাই তৈরি করে।
 
বনফুল কোম্পানি ১৯৮৯ সাল থেকে সেমাই উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সব সময় পণ্যের গুণগত মান ঠিক রাখার ওপর জোর দিয়েছি। এ কারণে দীর্ঘদিন ধরে গ্রাহকের আস্থা পেয়ে আসছি।’

প্রাণ কোম্পানি বাজারে লাচ্ছা ও খোলা উভয় ধরনের সেমাই বিক্রি করে। প্রাণ অ্যাগ্রো লিমিটেডের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তোষন পাল জানান, দেশে সেমাইয়ের মোট চাহিদার ৬০ শতাংশের বেশি পূরণ করছে বিভিন্ন ব্র্যান্ড। শহরের পাশাপাশি গ্রামেও এখন ভালো ব্র্যান্ডের সেমাই বিক্রি হচ্ছে।

তোষন পাল বলেন, গত কয়েক বছরে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকাতেও এখন ব্র্যান্ডের সেমাই পাওয়া যাচ্ছে। ফলে সাধারণ যেকোনো অনুষ্ঠান আয়োজনে মানুষ সেমাই রান্না করছে।

দরদাম কেমন

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লাচ্ছা সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট ৪৫ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেমন বনফুলের ২০০ গ্রামের প্রতি প্যাকেট লাচ্ছা সেমাইয়ের দাম রাখা হচ্ছে ৫০ টাকা করে। একই দামে বিক্রি হচ্ছে প্রাণের মেট্রো ও প্রিন্স ব্র্যান্ডের ২০০ গ্রাম সেমাইয়ের প্যাকেট। আর কুলসন ব্র্যান্ডের ২০০ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে।

এ ছাড়া খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা থেকে ২২০ টাকায়। খোলা চিকন সেমাইও অনেকটা কাছাকাছি দামে বিক্রি হতে দেখা গেছে।
 
সেমাই বিক্রেতারা জানিয়েছেন, ঈদের সময় মানুষ অন্যান্য পণ্যের সঙ্গে অল্প হলেও সেমাই কেনেন। রাজধানীর আগারগাঁও তালতলা বাজারের রাজা-বাদশা জেনারেল স্টোরের বিক্রেতা হাজী আবুল হাশেম বলেন, সাধারণত রোজার শেষ দশ দিনে মানুষ মুদিদোকানে ঈদের পণ্য কিনতে আসেন। আর দোকানে আসা প্রত্যেকেই সেমাই কেনেন। আগে চিকন সেমাই বেশি বিক্রি হতো। এখন মানুষ লাচ্ছা সেমাই বেশি কেনেন।

সেমাইয়ের সঙ্গে কিশমিশ, বাদাম ও চিনি বিক্রির পরিমাণও বেড়েছে। বিক্রেতারা জানান, বাজারে বর্তমানে প্রতি কেজি কিশমিশ ৪৮০ থেকে ৫৫০ টাকা, কাজুবাদাম ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা, চিনাবাদাম ২০০-২২০ টাকা এবং কাঠবাদাম ৮০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৮-১২৫ টাকার মধ্যে।

এদিকে গত বছরের তুলনায় সেমাইয়ের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতা মো. মামুন হোসেন বলেন, গত দুই মাসের ব্যবধানে সেমাইয়ের দাম প্যাকেটপ্রতি (২০০ গ্রাম) ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।