প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মার্চে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ব্যবসা সম্মেলন ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠেয় এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সামনে এ আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরে এফবিসিসিআই।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ব্যবসা সম্মেলনে বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্য, বিনিয়োগ প্রতিযোগিতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হবে। এ ছাড়া দেশের অর্থনীতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি চলবে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।