করদাতাদের সেবায় করসেবা মাস শুরু
করদাতাদের করসেবা দিতে শুরু হলো মাসব্যাপী আয়কর তথ্যসেবা মাস। প্রতিটি কর সার্কেলে এই সেবা মিলবে। গতকাল মঙ্গলবার সকালে সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলনকক্ষে সেবা মাসের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। প্রতিটি কর সার্কেলে আয়কর মেলার পরিবেশে সেবা পাবেন করদাতারা।
আয়কর তথ্যসেবা মাসে প্রতিটি কর সার্কেলে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তিস্বীকারপত্র দেওয়া হবে। ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে। এ ছাড়া ই-রিটার্ন দাখিলসংক্রান্ত পরামর্শ ও তথ্য প্রদান, ই-টিআইএন নিবন্ধন, আয়কর রিটার্ন ফরম, চালান, তথ্য সহায়িকা ও সিটিজেন চার্টার সরবরাহ, আয়কর–সম্পর্কিত পরামর্শ ও তথ্য দেওয়া হবে মেলায়।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করার লক্ষ্যে এনবিআরের আয়কর বিভাগ ২০২০ সালে প্রথমবার নভেম্বর মাসকে আয়কর তথ্যসেবা মাস হিসেবে ঘোষণা করে। চিরায়ত সামাজিক জীবনের সঙ্গে যদি আয়কর আহরণের মতো জটিল বিষয় যুক্ত করে দেওয়া যায়, তাহলে করদাতারা উৎসবের আমেজে আয়কর দেওয়ার সুযোগ পাবেন। রাজস্ব আহরণ বাড়বে।
এ ছাড়া দেশের অন্যান্য কর অঞ্চলে উৎসবের আমেজে এই সেবা চালু করা হয়েছে। গতকাল সকালে সেগুনবাগিচায় কর অঞ্চল-১০, ঢাকায় প্রধান অতিথি হিসেবে আয়কর তথ্যসেবা মাস উদ্বোধন করেন এনবিআর সদস্য (আপিল ও অব্যাহতি) মাহবুবা হোসেইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর অঞ্চল-১০, ঢাকার কমিশনার মাহবুব রহমান।
চট্টগ্রামে সেবা মাস শুরু
গতকাল সকালে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২ নম্বর সড়কে অবস্থিত পেলিক্যান মেহজাবিনে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার সফিনা জাহান। উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর অঞ্চল-১-এর কর কমিশনার ইকবাল বাহার প্রমুখ।