এসএসসির ফল প্রকাশের দিনেও ঢাকায় মিষ্টির ব্যবসায় মন্দা, কারণ রাজনৈতিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিষ্টি
ফাইল ছবি: প্রথম আলো

পয়লা বৈশাখ, পবিত্র ঈদুল ফিতর, এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের দিনগুলোতে সবচেয়ে বেশি মিষ্টি বিক্রি হয়। আজ শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হলেও রাজধানীতে মিষ্টির বিক্রি অন্যবারের মতো জমেনি। তার কারণ, আজ দুপুর থেকে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। সকাল থেকে সড়কে যান চলাচলও ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। সব মিলিয়ে মানুষের মধ্যে একধরনের আতঙ্ক ছিল।

একাধিক মিষ্টি ব্যবসায়ী এমন তথ্য দিয়ে জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন মিষ্টি বিক্রি সাধারণ সময়ের তুলনায় দুই থেকে আড়াই গুণ বেশি হয়। তবে আজকে সেটি হয়নি। বিশেষ করে সমাবেশের আশপাশের এলাকাগুলোতে বিক্রিবাট্টা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঢাকার বাইরে বিক্রি গত বছরের মতোই হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী। গড় পাসের হার ৮০ দশমিক ৩৯।

ঢাকার উত্তর কাফরুলে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাধব চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন আমাদের দোকানে মিষ্টি অন্য দিনের চেয়ে দ্বিগুণের বেশি হয়। এবার সেটি হয়নি। রাজনৈতিক দলগুলোর সমাবেশের কারণে অনেকেই বের হননি। তিনি বলেন, গতবারের তুলনায় বিক্রি ৫০ শতাংশ কম হয়েছে।

প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান বঙ্গ বেকারসের মিষ্টির ব্র্যান্ড মিঠাইয়ের বিক্রয়কেন্দ্র ঢাকার বিভিন্ন এলাকার মূল সড়ক, এমনকি অলিগলিতেও দেখা মেলে। কালীগঞ্জ, ভৈরব, সিলেট ও ফেনী—এসব জায়গার কারখানায় তাদের মিষ্টি তৈরি হয়। কারখানাগুলোর মোট উৎপাদন সক্ষমতা দৈনিক প্রায় ২০ টন।

জানতে চাইলে মিঠাইয়ের হেড অব বিজনেস কাজী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাত-আট বছর আগেও এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে সাধারণ সময়ের তুলনায় তিন-চার গুণ মিষ্টি বিক্রি হতো। করোনার পর সেটি দ্বিগুণে নেমে গেছে। তিনি বলেন, রাজনৈতিক সমাবেশের কারণে মধ্য ঢাকায় আজ সেটি হয়নি। ঢাকার অন্যান্য এলাকায় বিক্রি স্বাভাবিক। যদিও পরীক্ষার মিষ্টি বিক্রি কাল ও পরশু পর্যন্ত চলবে।

অপর এক প্রশ্নের জবাবে কাজী সাইফুল ইসলাম জানান, ঢাকায় মিঠাইয়ের বিক্রয়কেন্দ্রগুলোতে সাধারণত দিনে পাঁচ টন মিষ্টি বিক্রি হয়। এসএসসির ফল প্রকাশের কারণে আজ ১৩ টন সরবরাহ করা হয়। সন্ধ্যা পর্যন্ত পাঁচ-ছয় টন বিক্রি হয়েছে। রাতে আরও কয়েক টন বিক্রি হবে বলে জানান তিনি।