দেড় কোটি লিটার ভোজ্যতেল ও ৮০ লাখ কেজি মসুর ডাল কিনছে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রি করতে ১ কোটি ৫৫ লাখ লিটার ভোজ্যতেল ও ৮০ লাখ কেজি মসুর ডাল কেনা হচ্ছে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির পাশাপাশি সরাসরি ক্রয় পদ্ধতিতে এগুলো কেনা হবে। এ জন্য ব্যয় হবে ৩২৪ কোটি ৫০ লাখ টাকা। বাণিজ্য মন্ত্রণালয় এসব পণ্য কেনার প্রস্তাবক।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ভোজ্যতেল ও মসুর ডাল কেনার এই আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা গেছে, ভোজ্যতেলের মধ্যে ১৩১ কোটি ১৬ লাখ টাকায় কেনা হচ্ছে ৮০ লাখ লিটার সয়াবিন তেল। আর ১১৭ কোটি ৭৫ লাখ টাকায় ৭৫ লাখ লিটার রাইস ব্রান অয়েল (ধানের কুঁড়ার তেল) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৭৫ কোটি ৫৯ লাখ টাকায় কেনা হবে ৮ হাজার টন বা ৮০ লাখ কেজি মসুর ডাল।
সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, টিসিবির জন্য সয়াবিন তেল কেনা হচ্ছে মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে। আর স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে ৭৫ লাখ লিটার রাইস ব্রান অয়েল। মজুমদার প্রোডাক্টস অ্যান্ড মজুমদার ব্র্যান্ড লিমিটেড, অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড এবং আলী ন্যাশনাল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছ থেকে এ তেল কেনা হবে।
এদিকে ২০২৩-২৪ অর্থবছরের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মসুর ডাল কেনা হবে নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা।
দেশব্যাপী এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম চালু রয়েছে। এ কাজের জন্য রয়েছে পরিবার কার্ড। টিসিবির দাবি হচ্ছে, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় জনসংখ্যা ও দারিদ্র্যের সূচক বিবেচনায় রেখে ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে।
প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে ১০০ টাকা লিটার দামে সয়াবিন তেল, ৭০ টাকা কেজিতে চিনি, ৬০ টাকা কেজি দরে মসুর ডাল ও ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করছে টিসিবি।