পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে অভিযান জোরদার হবে, বলেছেন পাটমন্ত্রী

বেশ কিছু পণ্যের মোড়কে পাটজাত পণ্য ব্যবহার বাধ্যতামূলক হলেও পাটের ব্যাগের ব্যবহার ঠিকমতো হচ্ছে না— এমন অভিযোগ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে অভিযান আরও বেশি জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার জাতীয় পাট দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, পাটের মতো পরিবেশবান্ধব পণ্য আর নেই। আমরা চাই, গবেষণার মাধ্যমে পাটের আরও মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের পথ সুগম হোক।

জাতীয় পাট দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে সেরা ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সবার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক শ্রেণিতে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদ আল হোসেন।

সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি শ্রেণিতে কিশোরগঞ্জের আবু হানিফ, সেরা পাট উৎপাদনকারী চাষি পাবনার এনামুল হক, পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) উত্তরা জুট ফাইবার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুরস্কার পেয়েছে।

এ ছাড়া পণ্য রপ্তানিতে সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) হিসেবে পুরস্কার পেয়েছে জোবাইদা করিম জুট মিল মিলস লি., পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে আকিজ জুট মিলস লি., পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে জনতা জুট মিলস, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে সোনালি আঁশ লি., বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে ক্রিয়েশন (প্রা.) লি., বহুমুখী পাটজাত পণ্যের সেরা নারী উদ্যোক্তা হিসেবে তরঙ্গ ও বহুমুখী পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা হিসেবে গোল্ডেন জুট প্রোডাক্টকে সম্মাননা দেওয়া হয়েছে।

এর বাইরে পাট খাতের সঙ্গে সম্পর্কযুক্ত নয়টি সমিতিকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন অনুষ্ঠানে বলেন, একসময় বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসত পাট থেকে। আমি বিশ্বাস করি, পাটের এখনো সেই অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। কারণ, বাংলাদেশ উন্নতমানের পাট উৎপাদন করে। বিশ্বের অনেক দেশ পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে প্রাকৃতিক তন্তু ব্যবহারে মনোযোগ দিয়েছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় পরিবেশবান্ধব তন্তু হিসেবে আবার পাটের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে পাট। ছয় দফা আন্দোলনের ঘোষণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক বৈষম্যের কথা বলতে গিয়ে পাটের কথা তুলে এনেছিলেন। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারেও পাট ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সরকার পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ করেছে। এ আইনের অধীনে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুঁড়া, পোলট্রি ফিড ও ফিশ ফিডসহ মোট ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক।

অনুষ্ঠানে পাট খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন এবং এই খাতে বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাটমন্ত্রী বলেন, সবার বক্তব্য শুনে মনে হলো আমি মন্ত্রী না হয়ে পাটচাষি হলে আরও ভালো হতো। প্রধানমন্ত্রী গত মাসে পাটপণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন এবং পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন।

তবে তিনি বলেন, দেশে পাটবীজের ঘাটতি রয়েছে। এজন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে, যদিও সেটি অপ্রতুল। তিনি জানান, যে কোনো প্রয়োজনে রপ্তানিকারকদের জন্য মন্ত্রণালয়ের দরজা খোলা থাকবে।