ঢাকায় শেষ হলো ন্যায্য বাণিজ্য মেলা
পণ্যের উৎপাদন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত প্রতিটি পর্যায়ে পরিবেশ সুরক্ষা, ন্যায্যতা ও সমতা নিশ্চিতে জোর দেয়—এমন কিছু উদ্যোক্তা–প্রতিষ্ঠানকে নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ন্যায্য বাণিজ্য মেলা। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে গতকাল বুধবার তিন দিনের এই মেলা শেষ হয়েছে।
একতা ফেয়ার ট্রেড ফোরাম (ইএফটিএফ) নামের একটি প্রতিষ্ঠান এই মেলার আয়োজন করেছে। মেলা আয়োজনে সহযোগিতা করেছে বেঙ্গল ফাউন্ডেশন। আয়োজকেরা জানান, অন্যান্য মেলার চেয়ে এই মেলা কিছুটা ভিন্ন। সে জন্য এটির নাম ন্যায্য বাণিজ্যের মেলা। অর্থাৎ যেসব প্রতিষ্ঠান পরিবেশ সুরক্ষা, ন্যায্যতা ও সমতা ইত্যাদি বিষয়ে জোর দিয়ে কাজ করে—এমন কিছু প্রতিষ্ঠানই মেলাটিতে অংশ নিয়েছে।
ইএফটিএফের কর্মসূচি ব্যবস্থাপক নুরুজ্জামান পলাশ বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় বাজারে ন্যায্য ব্যবসার ধরনকে উৎসাহিত করা। আমাদের সংগঠনে ৬০টি প্রতিষ্ঠান আছে। এদের অধিকাংশই রপ্তানিমুখী। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে।’
নুরুজ্জামান পলাশ জানান, ইএফটিএফের সদস্য প্রতিষ্ঠানগুলোর অধীনে সারা দেশে প্রায় দেড় লাখ কর্মী কাজ করেন, যাঁদের প্রায় ৮০ শতাংশ নারী। এসব প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে, পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত ১০টি ন্যায্যতার মূলনীতি নিশ্চিত করে এরা ব্যবসা পরিচালনা করে থাকে।
এসব মূলনীতির মধ্যে আছে অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ক্ষুদ্র উৎপাদকদের জন্য কাজের সুযোগ তৈরি; প্রতিষ্ঠানগুলোতে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ; অত্যধিক মুনাফা না করে ন্যায্যতার সঙ্গে ব্যবসা করা; শিশুশ্রম ও জোরপূর্বক শ্রম না থাকা; কাজের ভালো পরিবেশ, সংখ্যা ও মজুরিতে লিঙ্গসমতা; কর্মীদের সংগঠন করার অধিকার থাকা এবং কাজের সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ইত্যাদি।
মেলায় হাতে তৈরি গয়না, কাঁথা, পোশাক, ব্যাগ ইত্যাদি পণ্য বিক্রি করেছে বাসা বুটিক এন্টারপ্রাইজ। নির্যাতিত, পাচার হওয়া ও দুস্থ নারীদের সহযোগিতা ও কর্মসংস্থানের জন্য ২০১১ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন যুক্তরাষ্ট্রের নাগরিক রোবিন সেফার্ট।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রোবিন সেফার্ট জানান, তাঁদের বেশির ভাগ পণ্য তৈরি হয় মূলত পুনরায় ব্যবহারযোগ্য (রিসাইকেল) পুরোনো কাপড় দিয়ে। সঙ্গে নতুন পণ্যও বানান তাঁরা। এসব পণ্যের অধিকাংশই রপ্তানি হয়। তবে দেশের গ্রাহকদের কাছে পৌঁছাতে এবারে তাঁরা মেলায় অংশ নিয়েছেন।
মেলায় নকশিকাঁথা প্রদর্শন ও বিক্রি করেছে আর্টিফ্যাক্ট নামে রপ্তানিমুখী একটি প্রতিষ্ঠান। এটি ফ্রান্স, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে বছরে এক থেকে দেড় লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। আর্টিফ্যাক্টের প্রধান নির্বাহী সোহেলী নাজনীন বলেন, ‘আমাদের প্রায় সব পণ্যই রপ্তানি হয়। দেশে আমাদের কোনো বিক্রয়কেন্দ্র নেই। তবে মেলায় এলে অন্যান্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ও গ্রাহকের সঙ্গে যোগাযোগ হয়। এ জন্যই আসি।’
মেলায় ঘুরতে আসা স্থপতি ফারিয়া শারমিন বলেন, ‘স্বল্প পরিসরে হলেও অনেক সুন্দর ও গোছানো একটি মেলা হচ্ছে এখানে। এখান থেকে ব্যাগ, ঝুড়ি ও কিছু গয়না কিনেছি। এ ছাড়া কয়েকটি স্টলের ফোন নম্বর নিয়েছি, যাতে পরবর্তী সময়ে তাদের কাছ থেকে পণ্য কিনতে পারি।’