ফেসবুক–ইনস্টাগ্রামের কর্মীদের সপ্তাহে তিন দিন অফিসে কাজ করতে হবে
কোভিড মহামারির শুরু থেকে বাড়িতে থেকে কাজ করছেন মেটার কর্মীরা, কিন্তু সেই দিন শেষ হয়ে আসছে। মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের কর্মীদেরও এখন সপ্তাহে তিন দিন কার্যালয়ে এসে কাজ করতে হবে। আগামী সেপ্টেম্বর থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। খবর সিএনবিসির।
করোনা মহামারির কারণে বিশ্বে যত পরিবর্তন এসেছে, তার মধ্যে অন্যতম হলো বাড়িতে বসে কাজের রীতি। বাড়ি কিংবা যেকোনো স্থানে বসে সহজেই কাজ করতে পারছিলেন তাঁরা। মহামারির অভিজ্ঞতার আলোকে ২০২১ সালে জুন মাসে মেটা তার সব স্থায়ী কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দেয়। কিন্তু এবার সপ্তাহে তিন দিন কর্মীদের অফিসে এসেই কাজ করতে বলেছে মেটা।
‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি নিয়ে ফেসবুক তখন বলেছিল, মানুষ কোথায় বসে কাজ করছে তার চেয়ে বেশি জরুরি হলো, কী কাজ হচ্ছে। তারা এমন কোম্পানি হতে চায়, যেখানে কর্মীরা তাঁদের সেরাটা দিতে পারেন। সে জন্য সেই কর্মী কোথায় আছেন, তা জরুরি নয়।
অ্যামাজন ও গুগলের মতো অন্যান্য বড় কোম্পানিও তাদের কর্মীদের বাড়িতে থেকে কাজের সুযোগ দিয়েছিল। তবে তারা সেই ধারা থেকে ফিরে এসেছে। এসব কোম্পানির কর্মীরা অনেক দিন ধরেই সপ্তাহে অন্তত তিন দিন সশরীর কার্যালয়ে আসছেন।
চলতি বছরের মার্চে মার্ক জাকারবার্গ সপ্তাহের প্রতিদিন বাড়ি থেকে কাজ করার রীতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেন। তখন তিনি বলেন, এক অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা গেছে, যারা সশরীর কার্যালয়ে এসে কাজ করেন, তাঁরা বেশি কাজ করতে পারেন।
মেটার প্রধান বলেন, কর্মীদের নৈপুণ্যের তথ্য-উপাত্তের প্রাথমিক বিশ্লেষণ থেকে বোঝা যায়, যে প্রকৌশলীরা সশরীর কার্যালয়ে এসেই কাজ করেছেন, তাঁরা গড়পড়তাভাবে দূরবর্তী স্থান থেকে যোগ দেওয়া প্রকৌশলীদের চেয়ে ভালো নৈপুণ্য দেখিয়েছেন। তিনি আরও বলেন, প্রকৌশলীরা কর্মজীবনের শুরুতে সপ্তাহে অন্তত তিন দিন সতীর্থদের সঙ্গে কাজ করলে ভালো নৈপুণ্য দেখাতে পারেন।
তবে মহামারির পর সামগ্রিকভাবে কর্ম সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। উন্নত বিশ্বের অনেক প্রতিষ্ঠান পাঁচ দিনের অফিস সময় চার দিনে নামিয়ে এনেছে। এ কারণে তাদের কর্মীরা এখন দুই দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ছুটির সুবিধা ভোগ করছেন। তাঁদের এখন সপ্তাহে চার দিন কাজ। নতুন এ ছুটির দিনটিতে নানা কাজ করে সময় কাটাচ্ছেন কর্মীরা। কেউ কেউ বাড়তি আয়ের জন্য কাজ করছেন, কেউ পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটাচ্ছেন। আবার কেউবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
দ্য গার্ডিয়ানের এক খবরে দেখা গেছে, ইউরোপের অনেক দেশেই সপ্তাহে চার দিন কাজ হচ্ছে। দেখা গেছে, ইউরোপের যেসব দেশে কর্মসময় সবচেয়ে কম, সেখানেই কর্মীদের উৎপাদনশীলতা সবচেয়ে বেশি। জার্মানি ও নেদারল্যান্ডসে কর্মসময় সবচেয়ে কম আর দুটি দেশেই কর্মীদের উৎপাদনশীলতা সবচেয়ে বেশি। এ ছাড়া মাইক্রোসফটের জাপান কার্যালয় যখন সপ্তাহে চার দিন কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালু করল, তখন উৎপাদনশীলতা ৪০ শতাংশ বেড়ে যায়।