মামলা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ৮৯০ কোটি ডলার ব্যয় করবে জনসন অ্যান্ড জনসন
জনসন অ্যান্ড জনসনের পাউডার বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড। কিন্তু তাদের ট্যালকম ও বেবি পাউডার ব্যবহারে ক্যানসার হচ্ছে, এমন অভিযোগ উঠেছিল। এ নিয়ে মামলাও হয়েছিল এবং দীর্ঘদিন ধরে সেই মামলা চলছে।
অভিযোগের কারণে বাজার থেকে ব্র্যান্ডটি সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে কোম্পানিটি। তাই জনসন অ্যান্ড জনসন চাচ্ছে এই মামলার নিষ্পত্তি করতে। সে জন্য আগামী ২৫ বছর ধরে জনসন যুক্তরাষ্ট্রে ৮৯০ কোটি ডলার ব্যয় করবে।
শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে মামলা নিষ্পত্তির ঘোষণা দিয়েছে জনসন।
জনসন অ্যান্ড জনসন বলেছে, তারা ৬০ হাজারের বেশি ক্ষতিপূরণ দাবিকারী ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা এই সমাধান সূত্র মানতেও রাজি। তবে এর জন্য দেউলিয়া আদালতের অনুমতির প্রয়োজন হবে।
জনসন অ্যান্ড জনসনের ভাইস প্রসিডেন্ট এরিক হাস সিএনবিসিকে বলেন, প্রস্তাবিত প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়ে সমাধান করা ন্যায়সংগত ও কার্যকর। এর মাধ্যমে দাবিকারী ব্যক্তিদের সময়মতো ক্ষতিপূরণ দেওয়া যাবে। এতে কোম্পানির পক্ষে স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে গবেষণায় মনোযোগ দেওয়া সম্ভভ হবে।
তবে কোম্পানির দাবি, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বৈজ্ঞানিক ভিত্তির অভাব রয়েছে। জনসনের এই বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে। ওই অ্যাসবেস্টস শিশু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর ফলে ক্যানসার হতে পারে, এমন দাবিকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছিল। এরপর গ্রাহকদের পক্ষ থেকে হাজার হাজার মামলা হয় কোম্পানিটির নামে। মামলার সম্মুখীন হয়ে চলতি বছর থেকে কোম্পানিটি ট্যালকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয়। অথচ তারা ১৩০ বছর বেবি পাউডার বিক্রি করেছে।
শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো চিঠিতে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, ২০২০ ও ২০২১ সালে মামলা বাবদ তাদের ৭৪০ কোটি ডলার ব্যয় হয়েছে।
এদিকে চলতি বছরের জানুয়ারিতে ভারতে জনসন অ্যান্ড জনসনের ওপর আরোপিত মহারাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। সরকারি সিদ্ধান্তকে ‘কঠোর, অযৌক্তিক এবং অন্যায্য’ বলেও উল্লেখ করেছিল দেশটির উচ্চ আদালত।
গত বছরের সেপ্টেম্বরে জনসন অ্যান্ড জনসনের তৈরি শিশুদের ট্যালকম পাউডারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মহারাষ্ট্র সরকার। রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর তরফে বাতিল করা হয়েছিল তাদের লাইসেন্স। এমনকি ওই সংস্থার তৈরি পাউডারের উৎপাদন, বিক্রিতেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। জানুয়ারিতে সব নিষেধাজ্ঞা তুলে নেন হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে মহারাষ্ট্রে জনসনের তৈরি শিশুদের পাউডার আবার উৎপাদন ও বিক্রি করা যাবে।