বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ জয়ে মেসির স্পনসরেরও পোয়াবারো
বিশ্লেষকেরা বলেন, কোম্পানিগুলো কোনো প্রতিযোগিতা, দল বা ব্যক্তির পৃষ্ঠপোষকতা করার মধ্য দিয়ে মূলত পণ্য বিক্রির চেষ্টা করে।
বিশ্বকাপ ফুটবল জেতার পর আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির বৃহস্পতি এখন তুঙ্গে। এদিকে সবার অলক্ষ্যে আরেকটি ব্যাপার ঘটে গেছে। সেটা হলো, মেসির যারা পৃষ্ঠপোষক, সেই কোম্পানিগুলোরও পোয়াবারো হয়েছে। বিষয়টি মোটেও অস্বাভাবিক নয়।
বিশ্বকাপ ফুটবলে একেকটি ধাপ পেরিয়েছেন মেসিরা, সেই সঙ্গে মেসির পৃষ্ঠপোষক কোম্পানিগুলোর বাজার মূলধন তরতর করে বেড়েছে। বাস্তবতা হচ্ছে, এই বিশ্বকাপে মেসির পৃষ্ঠপোষক কোম্পানিগুলোর বাজার মূলধন ৪২ বিলিয়ন বা ৪ হাজার ২০০ কোটি ডলার বেড়েছে। আবার কিছু কিছু কোম্পানির মূলধন কমেছেও।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বৃহত্তম স্বাধীন টিভি চ্যানেল বার্সা ইউনিভার্সেলের এক প্রতিবেদনে মেসির পৃষ্ঠপোষকদের বাজার মূলধন বৃদ্ধির তথ্য উঠে এসেছে। যেসব কোম্পানির বাজার মূলধন বেড়েছে, সেগুলো হলো বাডওয়াইজার (৭.৫১ শতাংশ), লুইস ভুইটন (৬.৫৬ শতাংশ), মাস্টারকার্ড (৩.৮৭ শতাংশ), অ্যাকটিভিশন (৩.৮১ শতাংশ) ও পেপসি (১.১১ শতাংশ)।
তথ্যানুসারে, বিশ্বকাপের আগে বাডওয়াইজারের বাজার মূলধন ছিল ৯০ দশমিক ৯৬ বিলিয়ন বা ৯ হাজার ৯৬ কোটি ডলার; ১৯ ডিসেম্বর তা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৪ কোটি ডলার। অর্থাৎ এই সময়ে তার বাজার মূলধন বেড়েছে ৭৩৮ কোটি ডলার।
বিশ্বকাপের আগে লুইস ভুইটনের বাজার মূলধন ছিল ২৯ হাজার ৩২০ কোটি ডলার, ১৯ ডিসেম্বর তা বেড়ে দাঁড়ায় ৩১ হাজার ৩৮০ কোটি ডলার। বেড়েছে ২ হাজার ৬০ কোটি ডলার।
মাস্টারকার্ডের বাজার মূলধন ছিল ২৬ হাজার ৮০৫ কোটি ডলার, ১৯ ডিসেম্বর তা বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ৮৮৩ কোটি ডলার। বেড়েছে ১ হাজার ৭৮ কোটি ডলার। পেপসির বেড়েছে ২২৭ কোটি ডলার ও অ্যাকটিভিশনের বেড়েছে ১৮৭ কোটি ডলার।
মজার বিষয় হলো, মেসিদের বিশ্বকাপ জেতা সত্ত্বেও আর্জেন্টিনা দলের পৃষ্ঠপোষক অ্যাডিডাস ও কোনামির মতো কোম্পানির বাজারমূল্য গত এক মাসে উল্টো কমেছে। এই সময় অ্যাডিডাসের বাজারমূল্য কমেছে ৩৭ লাখ ও কোনামির বাজারমূল্য কমেছে ৩৪ লাখ ডলার।
কেন পৃষ্ঠপোষকতা
কোম্পানিগুলো পৃষ্ঠপোষকতা করে কী পায়, তা বোঝার জন্য শুরুতে বুঝতে হবে, পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়। বিশ্লেষকেরা বলেন, কোম্পানিগুলো কোনো প্রতিযোগিতা, দল বা ব্যক্তির পৃষ্ঠপোষকতা করার মধ্য দিয়ে মূলত পণ্য বিক্রির চেষ্টা করে। সোজা বাংলায়, পৃষ্ঠপোষকেরা পৃষ্ঠপোষকতা করে বাণিজ্যিকভাবে লাভবান না হলে সেখানেই তার সমাপ্তি ঘটে। আবার বিশ্বকাপ ফুটবলের মতো প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার মতো কোম্পানির অভাব নেই। তাদের মধ্যে চলে অলিখিত প্রতিযোগিতা। ফলে যারা আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষকতা করার সুযোগ পায়, তারা এমনিতেই প্রতিযোগীদের চেয়ে এগিয়ে যায়। যে কোম্পানিগুলো আর্জেন্টিনা দলকে পৃষ্ঠপোষকতা করেছে, তাদের বাজারমূল্য বাড়ার মধ্য দিয়েই বোঝা যায়, তারা কতটা লাভবান হয়েছে।
তবে নিছক আর্থিকভাবে লাভবান হওয়াই মূল কথা নয়। যে কোম্পানিগুলো আর্জেন্টিনাকে পৃষ্ঠপোষকতা করল, বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা তাদের মনোবলও বৃদ্ধি করেছে নিঃসন্দেহে। এতে তাদের ভবিষ্যৎ পথপরিক্রমাও মসৃণ হবে বলে ধারণা করা যায়।
১৯৭৪ সাল থেকে ফিফার সঙ্গে যুক্ত আছে কোকা-কোলা। ২০০৫ সালে তারা ১৬ বছরের জন্য চুক্তি নবায়ন করে এবং এরপর তা ২০২২ সাল পর্যন্ত নিয়ে যায়। চুক্তি নবায়নের সময় তারা জানত না, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ কোথায় হবে।
২০০৭ সালে ফিফার সঙ্গে ভিসার চুক্তি হয়। সে অনুসারে ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে ফিফার সব ধরনের প্রতিযোগিতায় তারা পৃষ্ঠপোষকতা দেবে।
বাজারকেন্দ্রিক মূল্যবোধ
বিশ্বজুড়ে ভোক্তাদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। তারাও এখন কোম্পানিগুলোকে প্রভাবিত করছে। ফলে যেসব ব্র্যান্ড ও সেবাদানকারী প্রতিষ্ঠান ভোক্তাদের আগ্রহে গুরুত্ব দেবে না, তারা ভোক্তাদের থেকে দূরে সরে যাওয়ার ঝুঁকিতে থাকবে, এটাই বাস্তবতা। এবারের বিশ্বকাপের ১৪টি পৃষ্ঠপোষকের মধ্যে ৪টি কোম্পানি বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের প্রতিকার লাভের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। এই কোম্পানিগুলো হলো বাডওয়াইজার, অ্যাডিডাস, কোকা-কোলা ও ম্যাকডোনাল্ডস। ফলে বাকি ১০ পৃষ্ঠপোষকের চেয়ে তারা এমনিতেই আলাদা বা বিশিষ্ট হয়ে থাকবে।