সংকট মোকাবিলা না করে দাম বাড়ানো হচ্ছে

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বাড়লে শিল্প খাত ও জনজীবনে কী প্রভাব পড়বে, তা নিয়ে কথা বলেছেন এক শিল্পপতি। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ মাসাদুল আলম

এক বছর ধরে দেশের অর্থনীতিতে একধরনের স্থবিরতা বিরাজ করছে। সরকারের কিছু বড় উন্নয়ন প্রকল্প বন্ধ। চলমান প্রকল্পগুলোর আওতা সীমিত করা হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে গ্যাস-বিদ্যুৎ নিয়ে আমরা সংকটের মধ্যে আছি। এ অবস্থায় নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব।

বর্তমানে কারখানাগুলোতে গ্যাসস্বল্পতা আছে। অধিকাংশ সময়ে গ্যাস থাকলেও চাপ থাকে না। ফলে তা দিয়ে উৎপাদন করা সম্ভব হয় না। অন্যদিকে গত বছর দীর্ঘ সময় বিদ্যুৎ নিয়ে সমস্যায় ছিলাম আমরা। তখন দিনের বড় সময় বিদ্যুৎ থাকত না। সপ্তাহে দুই দিন কারখানা বন্ধ রাখতে হতো। গত নভেম্বর মাস পর্যন্তও এমন অবস্থা ছিল। শীত কমলে আবার সংকট হতে পারে, এমন আশঙ্কা থেকেই যায়।

আমাদের ৯০ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর। কিন্তু ঋণপত্র খুলতে না পারায় দু-তিন মাস ধরে কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। স্থানীয়ভাবে বেশি দামে কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন চালাতে হচ্ছে। এতে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে।

এমন অবস্থায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। কারণ, বিদ্যুতের দাম আগে থেকেই বেশি। এখন বিদ্যুতের দাম বাড়লে অবশ্যই উৎপাদন খরচ বাড়বে। এর প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। এ ছাড়া পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়নি। আমার মনে হয়, বাস্তবে যা আছে, তার চেয়ে বেশি সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে।

বিদ্যুতের দাম না বাড়িয়ে অনিয়ম, অপচয় ও কমিশন বাণিজ্য—এসব সংকট মোকাবিলা করা উচিত। এতে শিল্প খাত ও দেশের অর্থনীতি রক্ষা পাবে। আর দাম বাড়ানো হলে শুধু রড নয়, এর সঙ্গে সিমেন্ট, বালু, হার্ডওয়্যারসহ পুরো নির্মাণ খাতে প্রভাব পড়বে। এতে ভুক্তভোগী হবে এসব খাতসংশ্লিষ্ট বিপুলসংখ্যক মানুষ।