৩ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা

২০২০ সালে টেকসই অর্থায়ন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ওই নীতিমালার আলোকে পরিবেশবান্ধব শিল্পসহ টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়াতে শুরু করেছে অনেক ব্যাংক। এ অর্থায়নের ক্ষেত্রে কেউ বেছে নিচ্ছে কৃষি খাত, কেউবা ইটিপি স্থাপন আর কেউবা বাড়াচ্ছে সিএসআর ব্যয়। টেকসই অর্থায়ন নিয়ে কী ভাবছেন স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ১০ জন এমডি ও সিইওর ভাবনা নিয়ে এ আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম আনিসুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিআইএফএফএল

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) সরকারি মালিকানাধীন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। ২০১১ সালে যাত্রা শুরু করা আর্থিক প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। ২০১৪ সাল থেকে টেকসই অর্থায়ন কার্যক্রম পরিচালনা করছি আমরা। পরিবেশবান্ধব প্রকল্প, শিল্পে জ্বালানি দক্ষতার উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির প্রসার, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে বিআইএফএফএল এখন পর্যন্ত ৭৮৩ কোটি টাকা অর্থায়ন করেছে। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আমাদের। সব মিলিয়ে টেকসই অর্থায়নে চলমান বিনিয়োগের সঙ্গে আগামী তিন অর্থবছরে অতিরিক্ত তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে।