আপনার ব্যবসার শুরুর গল্পটা কেমন ছিল? প্রকৌশলী হিসেবে চাকরি ছেড়ে আবাসন খাতে কীভাবে যুক্ত হলেন?
আবদুল আউয়াল: ব্যবসা করব, শুরুতে এমন কোনো চিন্তাই ছিল না। প্রকৌশলে স্নাতক শেষ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ কনসালট্যান্টস লিমিটেড (বিসিএল) এবং ইরাকে একটি জাপানি প্রতিষ্ঠানে চাকরি করেছি। পরে সিঙ্গাপুরে চাকরির সুযোগ পেলেও দেশের টানে এবং পরিবারের কথা ভেবে দেশেই কিছু করার সিদ্ধান্ত নিই। ১৯৮৩ সালের ডিসেম্বরে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) নামে নতুন কোম্পানি শুরু করি। শুরুতে নির্মাণকাজ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র (সাইক্লোন শেল্টার) তৈরির কাজ করেছি। পরবর্তী সময় স্থপতি মোবাশ্বের হোসেনের পরামর্শে গ্রিন রোডের একটি প্রকল্পের মধ্য দিয়ে আবাসন ব্যবসায়ে প্রবেশ করি।
শুরুর দিকে মূলধনের ব্যবস্থা কীভাবে করলেন, ব্যাংকঋণও নেননি—তবু কীভাবে এত বড় প্রতিষ্ঠান গড়ে তুললেন?
আবদুল আউয়াল: ব্যবসা করার জন্য টাকা লাগে ঠিকই, কিন্তু সেটাই একমাত্র উপকরণ নয়। সততা, অঙ্গীকার (কমিটমেন্ট) ও বিশ্বাসযোগ্যতা অর্থের চেয়ে বড় মূলধন। আমি ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা করিনি। আমাদের সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারদের কাছে এমন একটি আস্থার জায়গা তৈরি করতে পেরেছিলাম যে তাঁরা বিনা দ্বিধায় বাকিতে রড, সিমেন্ট ও পাথর দিয়েছেন। এসইএলের কাছে কারও একটি টাকাও কখনো মার যায়নি। এই বিশ্বাসযোগ্যতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
এসইএলের দীর্ঘ এই পথচলায় উল্লেখযোগ্য মাইলফলক প্রকল্প কোনগুলো?
আবদুল আউয়াল: প্রতিটি প্রকল্পই আমাদের জন্য একেকটি চ্যালেঞ্জ ছিল। তবে ২০০০ সালের দিকে পান্থপথে আমাদের নিজস্ব অফিস ভবন (সেল সেন্টার) নির্মাণ ছিল একটি বড় মাইলফলক। তখন নিচে বাণিজ্যিক স্পেস, মাঝে অফিস এবং ওপরে আবাসন—এ ধারণায় ভবনটি তৈরির নকশা পাস করা একটি প্রস্তাব ছিল, যা বেশ ঝুঁকিপূর্ণ ও নতুন ছিল। পরে জমির মালিকের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে নকশা তৈরি ও অনুমোদন নিয়ে ভবন তৈরি করেছি। এ ছাড়া ধানমন্ডি ৬ নম্বর রোডের ‘কর্ণফুলী’ প্রকল্পটিও উল্লেখযোগ্য, যেখানে আবাসিক ভবনে এস্কেলেটর যুক্ত করা হয়েছিল। করোনাকালেও আমরা মাত্র তিন মাস কাজ বন্ধ রেখে পরবর্তী সময় স্বাস্থ্যবিধি মেনে সব চলমান প্রকল্প নির্ধারিত সময়েই শেষ করেছি।
বর্তমান সময়ে আবাসন খাতের প্রধান সংকট কী বলে মনে করেন?
আবদুল আউয়াল: বর্তমানে জমির মালিকদের সীমাহীন চাহিদা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। এ ছাড়া ইদানীং শেয়ারে জমি কিনে বা কোনো নিয়মকানুন ও রাজউকের নকশা না মেনেই অনেকে ভবন নির্মাণ করছেন। এটি মূলত কর ফাঁকি দেওয়ার একটি কৌশল এবং এতে ভবনের গুণগত মান ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থাকছে। অনেক ক্ষেত্রেই ক্রেতারা চটকদার বিজ্ঞাপন বা কম দামের প্রলোভনে পড়ে পরবর্তী সময় বিপদে পড়ছেন।
আবাসনসংকট সমাধানে কী ধরনের উদ্যোগ প্রয়োজন?
আবদুল আউয়াল: বেসরকারি আবাসন প্রতিষ্ঠানগুলো যে কাজ করছে, তা প্রয়োজনের তুলনায় কম। নাগরিকদের মৌলিক চাহিদা হিসেবে আবাসন নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব সরকারের। সরকারের উচিত গণ–আবাসন প্রকল্প গ্রহণ করা, যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদি কিস্তিতে ভাড়ার টাকায় নিজস্ব ফ্ল্যাটের মালিক হতে পারেন। বেসরকারি খাত সেখানে সহযোগী থাকবে।
ফ্ল্যাট ক্রেতা ও জমির মালিকদের উদ্দেশে আপনার পরামর্শ কী?
আবদুল আউয়াল: বাহ্যিক চাকচিক্য ও কথার ফুলঝুরিতে বিভ্রান্ত না হয়ে প্রতিষ্ঠানটির অতীত রেকর্ড যাচাই করুন। যে প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাট কিনছেন বা জমি দিচ্ছেন, তারা আগে অন্তত একটি প্রকল্প সঠিকভাবে হস্তান্তর করেছে কি না, তা দেখুন। ওই প্রতিষ্ঠানের পূর্ববর্তী জমির মালিক ও ফ্ল্যাট ক্রেতাদের সঙ্গে কথা বললে এবং প্রয়োজনে একজন অভিজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে না।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনার সহকর্মী ও গ্রাহকদের প্রতি আপনার বার্তা কী?
আবদুল আউয়াল: আমাদের প্রায় ৬০ শতাংশ ক্রেতাই পুরোনো গ্রাহক, যাঁরা নিজেরা একাধিক ফ্ল্যাট কিনেছেন অথবা আত্মীয়স্বজনকে এসইএল থেকে ফ্ল্যাট কেনার পরামর্শ দিয়েছেন। তাঁরাই আমাদের প্রকৃত শুভেচ্ছাদূত। আর আমার সহকর্মীদের প্রতি বলব, আমরা কেউ চিরস্থায়ী নই, কিন্তু এসইএল টিকে থাকবে। প্রতিষ্ঠানটিকে নিজেদের মনে করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে এসইএল আগামী দিনেও মানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে।