আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর নীতি পরিবর্তনের কারণে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ঋণের দিকে ঝুঁকে পড়ছে। এক বছর ধরে শ্রীলঙ্কা যে সংকট মোকাবিলা করছে, তার অন্যতম কারণ এসব স্বল্পমেয়াদি বাণিজ্যিক ঋণ বা সার্বভৌম বন্ড।
একসময় বাংলাদেশকেও এই সার্বভৌম বন্ডের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল একটি মহল। কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দৃঢ়চেতা মনোভাবের কারণে বাংলাদেশ সেদিকে পা দেয়নি। বর্তমান সামষ্টিক অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের সেই সিদ্ধান্ত দূরদৃষ্টিসম্পন্ন ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে গতকাল সোমবার অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংলাপে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন অর্থনীতিবিদ আনিস চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বা অধিকর্তা জিয়া রহমান।
সংলাপের মূল প্রতিপাদ্য ছিল উন্নয়নশীল দেশগুলো পশ্চিমা, নাকি চীনা ঋণের ফাঁদে পড়ছে। মূল প্রবন্ধে আনিস চৌধুরী এ বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, পশ্চিমা দেশ ও বহুজাতিক দাতাগোষ্ঠীগুলোর নানা সিদ্ধান্তের কারণে উন্নয়নশীল দেশগুলো চড়া সুদে ও কঠিন শর্তে বাণিজ্যিক ঋণ নিতে বাধ্য হচ্ছে। এতে তাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। যেমন শ্রীলঙ্কা। আফ্রিকার অনেক দেশও এই পরিস্থিতির শিকার।
আনিস চৌধুরীর ভাষ্য, পশ্চিমা দেশগুলো উন্নয়ন সহায়তা বা এইড দেওয়া কমিয়ে দিয়েছে। এই সহায়তা স্বল্প সুদের ঋণ, যার মধ্যে অতি সামান্য অনুদান। অক্সফামের সূত্র উল্লেখ করে তিনি বলেন, ৫০ বছর আগে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার যে শর্ত দিয়েছিল, তা না রাখায় ২০২০ সালে উন্নয়ন সহায়তার পরিমাণ প্রতিশ্রুতির চেয়ে ৫ লাখ ৭০ হাজার কোটি ডলার কম ছিল। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো নানা কায়দাকানুন করে উন্নয়নশীল দেশগুলোকে চড়া সুদে বাণিজ্যিক ঋণ নিতে বাধ্য করেছে, যার একটি হচ্ছে ঋণমান নির্ণয়কারী সংস্থাগুলোর দেওয়া ঋণমান।
এই বাস্তবতায় ঋণদাতা হিসেবে চীনের আবির্ভাব ঘটেছে বলে উল্লেখ করেন আনিস চৌধুরী। গত ১০ বছরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সম্মিলিত ঋণের চেয়ে চীনের দেওয়া ঋণ ছিল বেশি। চীনের বাণিজ্যিক ঋণের কঠিন শর্ত থাকলেও সরকারি ঋণের শর্ত সহজ। সে জন্য তাঁর মত, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উচিত, চীনকে সহায়তা করা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের কেউ কেউ ভিন্ন দিকে আলো ফেলার চেষ্টা করেন। তাঁরা বলেন, পশ্চিমা ঋণ, নাকি চীনা ঋণ—দেশের উন্নয়নের কল্পনাকে এভাবে দুভাগে বিভক্ত করে ফেলা ঠিক হবে না। উন্নয়নের আরও মডেল আছে, আবার সবাইকে যে ভুটানের মতো মোট জাতীয় সুখের সন্ধান করতে হবে, তা–ও নয়। কিন্তু উন্নয়নের ভিন্ন কল্পনাও থাকা উচিত।
বাংলাদেশও গত এক দশকে বাণিজ্যিক ঋণ নেওয়া বাড়িয়েছে। বিষয়টি ঝুঁকিপূর্ণ কি না, এ প্রসঙ্গে উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, গত ১০ বছরে বাংলাদেশের ঋণের পরিমাণ প্রায় তিন গুণ হয়েছে। এতে চাপ বেড়েছে। এ ছাড়া আইএমএফের ঋণ নিয়ে যে বাংলাদেশের খুব উপকার হবে, তা মনে করেন না তিনি। কারণ, সমস্যাগুলো সৃষ্টি হয়েছে রাজনৈতিক বন্দোবস্তের কারণে। সেই সমস্যার সমাধান না হলে ঋণকাঠামো টেকসই হবে না।
রাশেদ আল তিতুমির আরও বলেন, কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে থেকেই দেশের অর্থনীতিতে একধরনের কাঠামোগত অনমনীয়তা ও প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা ছিল। কোভিডের কারণে যা উন্মোচিত হয়ে পড়ে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সেই পরিস্থিতির আরও অবনতি হয়।
মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শাহাদৎ হোসেন সিদ্দিকী ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক এ বি এম ওমর ফারুক।
শাহাদৎ হোসেন চৌধুরী অনেকটা রাশেদ আল তিতুমিরের সুরেই কথা বলেন। তাঁর ভাষ্য, একটি দেশের ঋণের পরিমাণ কতটা হতে পারে, তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। উন্নয়নশীল দেশগুলোর তুলনায় বরং উন্নত দেশগুলোর ঋণ বেশি। সে জন্য তিনি মনে করেন, ঋণ কতটা কার্যকরভাবে ব্যবহার করা হলো, অর্থাৎ উৎপাদনশীল খাতে কতটা ব্যবহার করা হলো, বিষয়টি অনেকটা তার ওপর নির্ভর করবে।
ওমর ফারুক ঋণের প্রয়োজনীয়তা ও ব্যবহার নিয়ে কথা বলেন। তাঁর মতে, ঋণগ্রহীতা দেশগুলো যেকোনো মূল্যে উন্নয়ন করতে হবে, এমন একধরনের বদ্ধ সংস্কারের বশবর্তী হয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা চিন্তা না করে ঋণ নেয়। তাতেই সমস্যার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিমউদ্দিন আহমেদ।