বড় বাণিজ্যঘাটতি দুশ্চিন্তার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আর এফ হোসেন

ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যের যে উদ্যোগটি নেওয়া হয়েছে, সেটি খুবই সৃজনশীল একটি উদ্যোগ। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। ডলার–সংকটের এ সময়ে রুপিতে বাণিজ্যের এ উদ্যোগ যদি সফল হয়, তাহলে তা দেশ ও আর্থিক খাতের জন্য মঙ্গলজনক হবে।

তবে উদ্যোগটি কতটা সফল হবে—এ নিয়ে আমাদের মধ্যে কিছুটা সংশয় রয়েছে। এ সংশয়ের বড় কারণ, দুই দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্যঘাটতি। সাধারণত আমরা দেখি, যেসব দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য সমান সমান বা কাছাকাছি সেসব দেশের মধ্যে এ ধরনের উদ্যোগ সফল হয়। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি প্রায় ১ হাজার ২০০ কোটি ডলারের।

গত ২০২১-২২ অর্থবছরে ভারতে আমাদের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি ডলারের। তার বিপরীতে আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৩৬৯ কোটি ডলারের। এ অবস্থায় রুপিতে লেনদেন কতটা সফল হবে, তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। এ ছাড়া এ ধরনের লেনদেনে কিছু জটিলতাও রয়েছে।

তারপরও আমি বলব, যেকোনো সমস্যা সমাধানে কোনো না কোনো উদ্যোগ নেওয়া জরুরি। এখনকার বাণিজ্যে যে লেনদেন ব্যবস্থা তাতে রুপিতে বাণিজ্যের একটি বিকল্প ব্যবস্থা তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে সেই সুযোগটি নিতে পারবেন, এটাই বা কম কিসে। সেই দৃষ্টিকোণ থেকে এ চেষ্টাকে আমি সাধুবাদ জানাই।

  • সেলিম আর এফ হোসেন, চেয়ারম্যান, এবিবি ও ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ব্যাংক