সাক্ষাৎকার

টিকে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ জব্বার ব্যবস্থাপনা পরিচালক, ডিবিএল গ্রুপ
প্রশ্ন:

করোনার আগে টাইলসের বাজার ধারাবাহিকভাবে বাড়ছিল। করোনায় সব ধরনের ব্যবসাতেই একটা ধাক্কা লাগে। করোনা শেষ না হতেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এক বছর ধরে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনীতিও চাপের মধ্যে রয়েছে। নির্মাণসামগ্রীর চাহিদা কি কমেছে?

এম এ জব্বার: নব্বইয়ের দশকে আমরা যেভাবে ব্যবসা শুরু করেছি, এখন আর সেই পরিস্থিতি নেই। সময় পাল্টে গেছে। দেশের পাশাপাশি বৈশ্বিক ইস্যুও বর্তমানে আমাদের ব্যবসায় প্রভাব ফেলছে। তবে আমাদের থেমে থাকলে চলবে না। চ্যালেঞ্জ থাকবেই আর সেই চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে। কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দা গোটা বিশ্ব এখনো কাটিয়ে উঠতে পারেনি। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে, এমন আশাও করছি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্রেতাদের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। এ কারণে বাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাহিদা থাকলেও টাইলসের বাজার যে হারে বাড়ার কথা ছিল, সেভাবে হচ্ছে না। তবে আমি মনে করি, এটা সাময়িক।

প্রশ্ন:

ডলার-সংকটের কারণে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে অধিকাংশ প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে। আপনাদের অভিজ্ঞতা কেমন?

এম এ জব্বার: অনেকের মতো আমরাও ঋণপত্র খুলতে সমস্যার সম্মুখীন হয়েছি। তবে এটি একটি বৈশ্বিক সমস্যা। অর্থনীতিবিদেরা বলছেন, গোটা বিশ্ববাণিজ্যের জন্যই ২০২৩ ও ২০২৪ সাল সংকটময় সময়। আমার মনে হচ্ছে, এই পরিস্থিতিতে টিকে থাকাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রশ্ন:

এক বছর ধরে গ্যাস-সংকটে কমবেশি সব কারখানা ভুগছে। গ্যাস-সংকট আপনাদের কতটা সংকটে ফেলেছে?

গ্যাস-সংকটে শুরুর দিকটায় আমরা বেশ ভুগেছি। আমাদের কারখানার টাইলস উৎপাদন প্রায় অর্ধেকে নেমে গিয়েছিল। এখনো আমরা পুরোদমে উৎপাদন সক্ষমতা ফিরে পাইনি। বিষয়টি আমাদের জন্য হতাশাজনক।

প্রশ্ন:

ডলার ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে আপনাদের পণ্যের দাম কত শতাংশ বেড়েছে।

এম এ জব্বার: ডলারের মূল্যবৃদ্ধি ও গ্যাস-সংকটের কারণে উৎপাদন খরচ প্রায় ৩০ শতাংশ বেড়ে গেছে। এর প্রভাব পণ্যের দামের ওপর পড়েছে। এটা মোটেই ভালো বিষয় নয়। দাম বাড়ার কারণে ক্রেতারা নিরুৎসাহিত হচ্ছেন। সাম্প্রতিক কালে সিরামিক টাইলসের বিক্রি প্রায় ২০ শতাংশ কমে গেছে। আমরা চাইলেও পণ্যের আগের দামে ফিরতে পারছি না। যতটা সম্ভব মান ধরে রেখে স্বল্পমূল্যে ক্রেতাদের কাছে টাইলস পৌঁছে দিতে আমরা চেষ্টা করছি।

প্রশ্ন:

ডিবিএল সিরামিক তো অল্প সময়ে বাজারে ভালো জায়গা দখল করেছে। বাজার হিস্যা বাড়াতে নতুন কী পণ্য আনার পরিকল্পনা করছেন?

এম এ জব্বার: ডিবিএল সিরামিক শুরু থেকেই আন্তর্জাতিক মানের টাইলস উৎপাদন ও বাজারজাতের জন্য কাজ করছে। আমাদের টাইলস নিঃসন্দেহে বহির্বিশ্বের যেকোনো ব্র্যান্ডের টাইলসের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। আমরা ইতিমধ্যে বৈচিত্র্যময় টাইলস উৎপাদনে নিজেদের প্রস্তুত করেছি। ফলে খুব কম সময়েই বাজারে আমাদের প্রতি গ্রাহকের আস্থা তৈরি হয়েছে। তবে দেশের টাইলসের বাজার বেশ গতিশীল। গ্রাহকেরা প্রতিনিয়তই উন্নত মানের নকশার দিকে ঝুঁকছেন। তাঁদের রুচির সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও বাজারে নতুন ধরনের পণ্য আনতে হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

প্রশ্ন:

টাইলস নিয়ে রপ্তানি বাজারে প্রবেশের কোনো পরিকল্পনা কি আছে?

এম এ জব্বার: ডলার-সংকট এবং গ্যাস-বিদ্যুতের অপর্যাপ্ততা এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তবেই বাজার আরও স্থিতিশীল হবে, যা আমাদের রপ্তানি বাজারে প্রবেশের জন্যও সম্ভাবনার দিক খুলে দেবে।

সাক্ষাৎকার নিয়েছেন: শুভংকর কর্মকার