গত আগস্টে প্রবাসী ও রপ্তানি আয় বাড়ায় অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বলা যায়, সামনের দিনে আরও অনেক শঙ্কা আছে। তাই আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে।
গত অর্থবছরে প্রবাসী আয় কম থাকলেও রপ্তানির প্রবাহ ভালো ছিল। পাশাপাশি করোনার প্রভাব কমায় আমদানিতে একটা বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। এতে গত অর্থবছরে বড় ধরনের বাণিজ্যঘাটতি ছিল। তবে আমার ধারণা, চলতি অর্থবছরে এ বাণিজ্যঘাটতি অনেকটাই কমে আসবে। কারণ, এ অর্থবছরের শুরু থেকে আমদানি নিয়ন্ত্রণ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ইতিমধ্যে আমদানি ঋণপত্র খোলার পরিমাণ কমেছে। সার্বিকভাবে এসব উদ্যোগের ফল পেতে আরও কিছুদিন হয়তো সময় লাগবে।
প্রবাসী আয় তো আমাদের আসছে। কিন্তু তার একটা বড় অংশই আসছে হুন্ডির মাধ্যমে। ফলে ডলার আসছে না। ব্যাংকিং চ্যানেলে ডলার আসা বাড়াতে হলে ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য কমাতে হবে। আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে প্রবাসী আয় পাঠাতে অনেক ধরনের জটিলতা কাজ করে। এ ব্যবস্থা আরও সহজ করলে বৈধ পথে প্রবাসী আয় আসা বাড়বে।
অন্যদিকে আগস্টে ভালো রপ্তানি প্রবৃদ্ধি হলেও সামনে বেশ কিছু শঙ্কাও আছে। ইউরোপে গ্যাস সরবরাহ একপ্রকার বন্ধ করে দিয়েছে রাশিয়া। এতে আসছে শীতে ইউরোপে নতুন করে সংকট তৈরি হবে। ইউরোপের লোকজন তখন পোশাকসহ বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে জ্বালানি খরচ মেটানোর চেষ্টা করবে। ইতিমধ্যে রপ্তানিকারকদের কেউ কেউ বলছেন, ‘সম্প্রতি পোশাকের ক্রয়াদেশ আসা কমে গেছে। এ ধারা অব্যাহত থাকলে আমাদের পোশাক রপ্তানি খাতে সামনের মাসগুলোতে প্রভাব পড়তে পারে।’
আমদানি কমানোর জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেগুলো যেন কাগজে–কলমে সীমাবদ্ধ না থাকে, বাস্তবে যেন কার্যকর করা হয়। একই সঙ্গে বিপরীত দিকটাও মনে রাখতে হবে। আমদানি যদি খুব বেশি কমে যায়, তাহলে ভবিষ্যতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এ নিয়ন্ত্রণ কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি বাজারও বহুমুখীকরণ করা দরকার। দেশে ব্যবসা পরিচালনা ও রপ্তানির ক্ষেত্রে নানা ধরনের লুকানো খরচ আছে। এগুলো কমানো গেলে রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বা বিভিন্নভাবে যেন টাকা পাচার না হয়, সেদিকে নজর দিতে হবে। এ জন্য তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে আরও বেশি সমন্বয় জরুরি।
সার্বিকভাবে বলা যায়, গত অর্থবছরের শেষ সময়ে যে অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার তুলনায় এখন আমরা একটা স্বস্তির জায়গা দেখছি। আগামী দু–এক মাসের মধ্যে রপ্তানি ও প্রবাসী আয়ের পরিমাণ বাড়লে ডলারের ওপর চাপ আরও কিছুটা কমবে। কিন্তু যে শঙ্কাগুলো সামনের দিনগুলোতে আছে, সেগুলো বিবেচনায় নিলে আমাদের স্বস্তির কোনো জায়গা নেই। তাই নিজেদের পরিস্থিতি মোকাবিলায় নিজেদেরই তৈরি করতে হবে।
সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম