দেশে ভোক্তা পর্যায়ে প্লাস্টিক বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা সম্ভব হয় না। এটি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে বাস্তবায়নকারী সংস্থাগুলোর কারিগরি ও আর্থিক সক্ষমতার অভাবও দায়ী। সে জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি করা গেলে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব হবে।
গতকাল শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবস্থাপনায় নীতিসহায়তা নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও বহুজাতিক কোম্পানি ইউনিলিভার যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী (সিইও) ও এমডি জাভেদ আখতার, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পরিবেশ বিশেষজ্ঞ ইউ জু এলিসন এল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সচিব ইকবাল হাবিব প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ইজাজ হোসাইন।
অনুষ্ঠানে সুষ্ঠু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্ভাবনী ও কার্যকর সমাধান খুঁজে বের করার পরামর্শ দেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, বর্জ্য সংগ্রহ প্রক্রিয়া লাভজনক ব্যবসায়িক উদ্যোগ হিসেবে গ্রহণ করা গেলে বর্জ্য ব্যবস্থাপনা টেকসই করা যাবে। সে জন্য বর্জ্য সংগ্রহের সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপে অংশীদারদের সুরক্ষা দিতে হবে।
কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের প্রয়োজন আছে বলে মনে করেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা জটিল প্রক্রিয়া। সে জন্য কার্যকর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি ও বেসরকারি খাতকে যৌথভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্র্যান্ডগুলোর সঙ্গে সমন্বিত নীতি প্রণয়নও জরুরি।
স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তবে এ ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হচ্ছে, প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্ততা বাড়ানো গেলে এটি ভালোভাবে করা সম্ভব হবে। জসিম উদ্দিন আরও বলেন, জনগণ সচেতন থাকলে উন্নত দেশের মতো উৎস থেকেই বর্জ্য আলাদা করে ব্যবস্থাপনা করা সম্ভব। এতে পুরো সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত প্রক্রিয়াও সহজ হবে।
সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য পুরো ব্যবসায়ী সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডি জাভেদ আখতার। এ ক্ষেত্রে সরকারি সহযোগিতাও চেয়েছেন তিনি। জাভেদ আখতার বলেন, ‘আমরা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনগুলোর সঙ্গে বেশকিছু পাইলট প্রকল্প হাতে নিয়েছি। এই উদ্যোগগুলো যথাযথ সুবিধা ও সহযোগিতা না পেলে অন্য কোনো প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত হবে না।’
মূল প্রবন্ধে বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসাইন বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরকার নীতি পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে; কিন্তু সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর কারিগরি ও আর্থিক সক্ষমতার অভাবই মূল স্যমস্যা। এ কারণে সঠিক প্রক্রিয়ায় বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ ও উৎসে বর্জ্য পৃথক করা যাচ্ছে না। ফলে পুনঃপ্রক্রিয়াজাতকরণেও সমস্যা হচ্ছে।
স্বল্পমেয়াদে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন করে প্লাস্টিক বর্জ্য থেকে সহজে ও কম খরচে বিকল্প জ্বালানি তেল (আরডিএফ) উৎপাদন করা সম্ভব বলে জানান ইজাজ হোসাইন। তিনি বলেন, প্লাস্টিকের ওপর দেশের প্রায় সবাই প্রত্যক্ষ-পরোক্ষভাবে নির্ভরশীল।
অনুষ্ঠানে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি সংস্থার বিনিয়োগ, অবকাঠামো, প্রণোদন ও কর সুবিধা দেওয়া প্রয়োজন।