সাক্ষাৎকার

খরচ যত বেড়েছে, দাম তত বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলার–সংকট, গ্যাসের স্বল্পতা ও মূল্যবৃদ্ধির চাপে পড়েছে দেশের সিরামিক শিল্প। অন্যান্য শিল্পের মতো এ খাতেও উৎপাদন খরচ বেড়েছে ত্রিমুখী চ্যালেঞ্জে। তা সত্ত্বেও সংকটের মধ্যে সম্ভাবনার কথাও বলছেন এ খাতের উদ্যোক্তারা। সিরামিক শিল্পের নানা দিক নিয়ে কথা বলেছেন আরএকে সিরামিকসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সাধন কুমার দে। সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন

সাধন কুমার দে প্রধান পরিচালন কর্মকর্তা, আরএকে সিরামিকস
প্রশ্ন:

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আপনারা কী ধরনের সংকট মোকাবিলা করছেন?

সাধন কুমার দে: বর্তমানে টাইলস ও স্যানিটারি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছি। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে কাঁচামাল আমদানির খরচ ৩৫-৩৭ শতাংশ বেড়ে গেছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় তার সমানুপাতিক হারে বেড়েছে আমদানি শুল্ক ও ভ্যাট। আমাদের হিসাবে ডলারের কারণে কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় আমদানি শুল্কও ৩৫ শতাংশের মতো বেড়েছে। যার প্রভাব পড়েছে উৎপাদন খরচেও। গত এক বছরে উৎপাদন খরচ যত বেড়েছে, পণ্যের দাম ততটা বাড়েনি। ফলে আমাদের মুনাফা করা কঠিন হয়ে পড়েছে।

প্রশ্ন:

ডলার–সংকট ছাড়া অন্য কোনো সংকটও মোকাবিলা করতে হচ্ছে?

সাধন কুমার দে: ডলার–সংকটের পাশাপাশি গ্যাস–সংকট ও গ্যাসের মূল্যবৃদ্ধি বর্তমানে আমাদের শিল্পকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এমনিতে প্রয়োজন অনুযায়ী গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পাচ্ছি না। পাশাপাশি যুক্ত হয়েছে গ্যাসের মূল্যবৃদ্ধির চাপ। গ্যাসের সংকট ও মূল্যবৃদ্ধির কারণেও উৎপাদন খরচ সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এ অবস্থায় আমরা হিসাব করে দেখেছি, ডলার–সংকট, গ্যাসের সরবরাহ ঘাটতি ও মূল্যবৃদ্ধির কারণে সব মিলিয়ে টাইলস ও স্যানিটারি পণ্যের উৎপাদন খরচ ৫৫-৫৬ শতাংশ বেড়ে গেছে। অথচ গত এক বছরে আমরা দুই দফায় পণ্যের দাম বাড়িয়েছি মাত্র ১৮ শতাংশ। ফলে খরচ যতটা বেড়েছে, সেই অনুযায়ী দাম বাড়েনি। এ অবস্থা অব্যাহত থাকলে নতুন করে আবারও দাম বাড়াতে হবে।

প্রশ্ন:

বাড়তি উৎপাদন খরচ কীভাবে সামাল দিচ্ছেন তাহলে? মূল্যবৃদ্ধির কারণে বাজারে কি টাইলস ও স্যানিটারি পণ্যের চাহিদা কমে গেছে?

সাধন কুমার দে: পরিবহন খরচ কমিয়ে, উৎপাদন সক্ষমতা বাড়িয়ে এবং পণ্য উৎপাদনের উপাদানে পরিবর্তন এনে নানাভাবে দক্ষতা বাড়িয়ে আমরা বাড়তি উৎপাদন খরচ সামাল দেওয়ার চেষ্টা করছি। উদাহরণ হিসেবে বলতে পারি, আগে যদি আমরা ১০০ ধরনের নকশার টাইলস তৈরি করতাম, এখন সেটি ৭০ ধরনে নামিয়ে এনেছি। এতে আমাদের উৎপাদন সক্ষমতা বেড়েছে। এ ছাড়া পরিবহনের ক্ষেত্রেও খরচ অনেক কমিয়েছি। তবে এখানে একটি কথা বলতে হয়, আরএকে সিরামিকসের ভালো ব্র্যান্ড ভ্যালুর কারণে কাঁচামাল আমদানিতে এখনো আমরা ব্যাংকের নির্ধারিত দামে ডলার কিনতে পারছি। এতে আমরা অনেকের চেয়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছি। তবে সার্বিকভাবে বাজারে নানা তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখেছি, সামগ্রিকভাবে টাইলসের বাজার চাহিদা ১৫ থেকে ২০ শতাংশ কমেছে। সার্বিক চাহিদা কমলেও আমাদের প্রতিষ্ঠানের চাহিদায় কোনো পরিবর্তন হয়নি। তার বড় কারণ, ডলার–সংকটের কারণে বিদেশ থেকে টাইলস আমদানি বলতে গেলে বন্ধ হয়ে গেছে। আমদানির সেই বাজার আমরা ধরতে পেরেছি। এ ছাড়া সরকারি ও বেসরকারি বড় বড় প্রকল্পে আরএকের পণ্যের চাহিদা রয়েছে।

প্রশ্ন:

বর্তমান পরিস্থিতিতে আপনি এ খাতে কোনো সম্ভাবনা দেখেন কি? আর আপনারা ব্যবসা সম্প্রসারণের যে ঘোষণা দিয়েছিলেন, সেটি এখন কী পর্যায়ে রয়েছে?

সাধন কুমার দে: আমি মনে করি না চলমান এ সংকট দীর্ঘদিন স্থায়ী হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর সব দেশের ব্যবসা-বাণিজ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৌগোলিক ও রাজনৈতিক এ সংকট নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দিচ্ছে। আগে আমরা আন্তর্জাতিক বাণিজ্যে শুধু ডলারনির্ভর ছিলাম। এখন সরকারের পক্ষ থেকে টাকা-রুপিতে লেনদেনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি মনে করি, এগুলো সম্ভাবনার দিক। এ ছাড়া আমি মনে করি না এ দেশে টাইলসের প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় চলে যাবে। দেশের উন্নয়ন অব্যাহত থাকলে টাইলসের চাহিদাও বাড়তে থাকবে। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে নতুন ও বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে গতি আসবে। তখন চাহিদা আরও বাড়বে। তাই আমরা নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের ব্যবসা সম্প্রসারণ উদ্যোগ থেকে সরে আসেনি। জমি ক্রয়সহ অনুমোদনের প্রাথমিক কাজগুলো সেরে রাখছি। তবে যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কিছুটা সময় নেওয়ার কৌশল গ্রহণ করেছি।