সাক্ষাৎকার

রপ্তানি বাজারের দিকে এগোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শামসুল হুদা ব্যবস্থাপনা পরিচালক, গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ
প্রশ্ন:

টাইলসের ব্যবসা কেমন চলছে?

শামসুল হুদা: দেশের অর্থনীতি একটা টানাহেঁচড়ার মধ্যে রয়েছে। কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতেই আমাদের সমস্যা হচ্ছে। আগে ২ দিনে ঋণপত্র খোলা গেলেও এখন ১৫ দিন লেগে যাচ্ছে। এটি আমাদের ব্যবসায় ঝুঁকি তৈরি করছে। কারণ, কারখানায় উৎপাদনের জন্য সব সময় কাঁচামাল পাব কি না, সেটি আমরা নিশ্চিত নই। তা ছাড়া গত মার্চে গ্যাসের দাম ১৫০ শতাংশ বাড়ানো হয়েছে। দাম বাড়ালেও এখন পর্যন্ত নিরবচ্ছিন্ন গ্যাস দিতে পারছে না সরকার। এসব কারণে চলতি অর্থবছর এখন পর্যন্ত আমাদের উৎপাদন ৩০ শতাংশ কমে গেছে। লোকসানও গুনতে হচ্ছে। চলতি বছর জাতীয় নির্বাচনের বছর। নির্বাচনকে কেন্দ্র করে যদি রাজনৈতিক অস্থিরতা না হয়, তাহলে হয়তো আমরা ব্যবসায় টিকে যাব।

প্রশ্ন:

সংকটের মধ্যেও তো আপনারা নতুন কারখানায় বিনিয়োগ করছেন?

শামসুল হুদা: মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ২০১৭ সালে আমরা ২৫ একর জমি নিয়েছিলাম। সেখানে আমরা গ্রেটওয়াল প্রিমিয়াম সিরামিক নামে রপ্তানিমুখী একটি টাইলসের কারখানা নির্মাণ করব। দিনে ৪০ হাজার বর্গমিটার টাইলস উৎপাদন সক্ষমতার এই কারখানায় বিনিয়োগ হবে প্রায় ৪৫০ কোটি টাকা। আগামী বছর কারখানাটি উৎপাদনে যাবে। টাইলসের ব্যবসা টেকসই করার জন্যই আমরা এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।

প্রশ্ন:

টাইলস রপ্তানিতে সম্ভাবনা কেমন দেখছেন?

শামসুল হুদা: বিশ্বে টাইলসের বড় বাজার রয়েছে। আমাদের ধীরে ধীরে রপ্তানি বাজারের দিকে এগোতে হবে। যুক্তরাষ্ট্রের একটি ক্রেতাপ্রতিষ্ঠানের কাছে গত বছর আমরা ভালো পরিমাণ টাইলস রপ্তানি করেছি। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় এখন সাময়িকভাবে রপ্তানি বন্ধ আছে। বর্তমানে আমরা সম্ভাব্য বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে আলোচনা করছি। হয়তো শিগগিরই একাধিক দেশে টাইলস রপ্তানি শুরু হবে।

প্রশ্ন:

জ্বালানিসংকটের মধ্যে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে আপনারা কোনো পরিকল্পনা কি করছেন?

শামসুল হুদা: দেশে গ্যাসের সংকট রয়েছে। সে জন্য এলএনজি আমদানি শুরু হয়েছে। উৎপাদন নিরবচ্ছিন্ন করতে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছি। যুক্তরাষ্ট্র থেকে আমরা বিশেষ যন্ত্রপাতি আমদানির চেষ্টা করছি। যদিও এতে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে; তারপরও সেটি গ্যাসের সংকটে কারখানা বন্ধ রাখার চেয়ে ভালো।

সাক্ষাৎকার নিয়েছেন: শুভংকর কর্মকার