পরিবেশবান্ধব ঋণ আদায়ের হার ৯৮%

২০২০ সালে টেকসই অর্থায়ন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ওই নীতিমালার আলোকে পরিবেশবান্ধব শিল্পসহ টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়াতে শুরু করেছে অনেক ব্যাংক। এ অর্থায়নের ক্ষেত্রে কেউ বেছে নিচ্ছে কৃষি খাত, কেউবা ইটিপি স্থাপন আর কেউবা বাড়াচ্ছে সিএসআর ব্যয়। টেকসই অর্থায়ন নিয়ে কী ভাবছেন স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ১০ জন এমডি ও সিইওর ভাবনা নিয়ে এ আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি

অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি মূলত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক ও কর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ প্রদান করে থাকি, যার ৯৮ শতাংশই জামানতবিহীন। আমরা হাঁস-মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, গাভি লালনপালন, মুড়ি-চিড়া উৎপাদন, গ্রামীণ অবকাঠামো, ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন ধরনের ঋণ দিচ্ছি। পরিবেশবান্ধব এই ঋণ আদায়ের হার ৯৮ শতাংশের বেশি। তদারকিমূলক ঋণে ঝুঁকি থাকলেও আমরা ভালো করছি। বর্তমানে ময়মনসিংহ, ফরিদপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকার ৫৩টি শাখার মাধ্যমে আমরা জামানতবিহীন ৫০ হাজার থেকে ৭ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছি। গত ১১ বছরে অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি ৯০ হাজারের বেশি মানুষকে ঋণ দিয়েছে। ভবিষ্যতে আমরা দেশের প্রতিটি উপজেলায় এই পরিবেশবান্ধব ঋণ কর্মসূচি চালু করার পরিকল্পনা নিয়েছি।