সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে

কয়েক বছর ধরেই অর্থনীতি চাপে রয়েছে। ডলার-সংকট ও ডলারের মূল্যবৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ভঙ্গুর হয়ে পড়ে ব্যাংক খাত। এমন এক পরিস্থিতিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার বদল হয়েছে। তাতে বিভিন্ন শিল্পকারখানায় হামলার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আবার নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস না পেরোতেই সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের শিল্পোদ্যোক্তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এ নিয়ে কথা বলেছেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।

রূপালী চৌধুরীফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিল্প এলাকায় শিল্পকারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। কোথাও কোথাও অস্থায়ী শ্রমিকের পাশাপাশি স্থায়ী শ্রমিকেরাও এসব বিক্ষোভে অংশ নিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির সুযোগকে কেউ কেউ কাজে লাগাতে চাইছেন। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনী অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে সার্বিকভাবে জনজীবনসহ শিল্পকারখানায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এই নিরাপত্তাহীনতা যেমন শিল্পের স্বাভাবিক ধারাকে ব্যাহত করছে, তেমনি মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতার উদ্বেগ তৈরি করছে। তাই আমরা এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। এরই মধ্যে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের পক্ষ থেকে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা সরকারকে অবহিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে একাধিক উপদেষ্টা আমাদের জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে কাজে লাগানো হচ্ছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে।

তবে আমরা মনে করি, সেনাবাহিনীকে দিয়ে পরিস্থিতি মোকাবিলার এই চেষ্টা সাময়িক। তাই আমরা চাই, যত দ্রুত সম্ভব পুলিশ বাহিনীকে সক্রিয় ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। শিল্পকারখানার পাশাপাশি দেশের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এটি দরকার। বর্তমানে যে শ্রমিক বিক্ষোভ চলছে, তা শিল্পোদ্যোক্তারা নিজেরা নিজেদের মতো করে সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকেই পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু সেই অনুযায়ী ব্যবসা না বাড়লে পরবর্তী সময়ে দেখা যাবে চাকরিচ্যুতির ঘটনাও ঘটছে। বর্তমানে কর্মসংস্থান আমাদের অন্যতম অগ্রাধিকার। সেখানে যদি বিদ্যমান চাকরিজীবীদের মধ্যে চাকরিচ্যুতির ঘটনা ঘটে, তাহলে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়তে পারে।

আমি মনে করি, যেকোনো সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলোরও সমাধান করতে হবে আলাপ-আলোচনার মাধ্যমে। এ জন্য সরকারকে ব্যবসায়ীদের সঙ্গে বসতে হবে। সবার মতামত নিতে হবে। বর্তমানে যে অবস্থা চলছে, তাতে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে একধরনের ভুল বার্তা যাচ্ছে। এ ধরনের বার্তা ভবিষ্যৎ বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে। তাই যত দ্রুত সম্ভব চলমান অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

এ ছাড়া ব্যবসা-বাণিজ্য সহজীকরণে মধ্য ও দীর্ঘমেয়াদি নানা সংস্কার দরকার। ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সরকারকে সেসব সংস্কারের রূপরেখা তৈরি করতে হবে। অতীতে আমরা দেখেছি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর প্রজ্ঞাপন বা এসআরও জারির মাধ্যমে শুল্ক-করের ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যমূলক আইন প্রণয়ন করেছে। এসব আইন সংশোধন করা দরকার। আমরা বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে সব সময় একটি কথা বলে আসছি, যারা কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করছে, তারাই আবার কর আদায়ে আইন করছে। এটি ঠিক নয়, এখানে পরিবর্তন দরকার। আবার কর আদায় ব্যবস্থাটি পুরোপুরি অটোমেটেড করা গেলে তাতে দুর্নীতি ও হয়রানি অনেক কমবে।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উচ্চ মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। এখন ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা গেলে ব্যবসা-বাণিজ্যসহ শিল্পে গতি সঞ্চার হবে।

লেখক–রূপালী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার বাংলাদেশ ও সভাপতি, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন