ব্যবসাজীবনে এমন অনিশ্চয়তায় পড়িনি 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমগীর কবির

৩৫ বছর ধরে সিমেন্ট ও ইস্পাত খাতের ব্যবসায় আছি। এখনকার মতো এত অনিশ্চয়তার মুখে আর কখনো পড়িনি। গ্যাসের দাম একবারে যে পরিমাণ বাড়ানো হয়েছে, তা ইতিহাসে সর্বোচ্চ। এমন এক সময়ে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যখন শিল্পপ্রতিষ্ঠানগুলো নানা সমস্যায় জর্জরিত। কয়েক দিন আগে বিদ্যুতের দাম বাড়ানো হলো, এখন বাড়ল গ্যাসের দাম। এ অবস্থায় কীভাবে ব্যবসা টিকিয়ে রাখব, তার কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছি না। 

ডলার–সংকটের কারণে ছয় মাসের বেশি সময় ধরে আমরা ধুঁকছি। একদিকে ডলার পাওয়া যাচ্ছে না, অন্যদিকে বাড়তি দাম। এ দুইয়ে মিলিয়ে ছোট-বড় সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান এরই মধ্যে ২০ থেকে ২৫ শতাংশ পুঁজি হারিয়েছে। এ কারণে সব প্রতিষ্ঠানেরই এখন ব্যবসা টিকিয়ে রাখতে বাড়তি পুঁজির প্রয়োজন হয়ে পড়েছে। সেই পুঁজি মিলছে না ব্যাংক থেকে। আবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামও বেড়েছে। তাতে বিক্রি কমে গেছে। সব মিলিয়ে শিল্পমালিক ও ব্যবসায়ীদের এখন নানামুখী সংকট মোকাবিলা করতে হচ্ছে। এ অবস্থায় গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এ সংকটকে অনেক গুণ বাড়িয়ে দেবে।

সন্দেহ নেই, বাড়তি দামের প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পণ্যের দামের ওপর পড়বে। কিন্তু ব্যবসায়ীরা যে পণ্যের দাম বাড়িয়ে সংকট মোকাবিলা করবেন, সেই বাস্তবতা নেই। কারণ, ডলার–সংকটসহ নানা কারণে এরই মধ্যে সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। এ ছাড়া আছে অতিরিক্ত আমদানি শুল্ক, কর ও ভ্যাটের চাপ। এত চাপে ব্যবসা করাই এখন কঠিন হয়ে পড়েছে। এ মুহূর্তে শিল্পকারখানার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল সরকারি সহায়তা। কিন্তু কোনো সহায়তা তো পাচ্ছিই না, উল্টো একের পর এক খড়্গ আসছে।