নীতি সমন্বয়ের উদ্যোগ নিতে হবে

আবুল কাশেম খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ ও কর্মসংস্থান সরাসরি সম্পর্কিত বিষয়। ২০২৩ সালে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে দেশে বিনিয়োগ অনেক কম হয়েছে। এ কারণে কর্মসংস্থানে প্রবৃদ্ধিও আশানুরূপ ছিল না।

এ ছাড়া ব্যবসা সহজ করার যে কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, তারও বাস্তবায়ন করা যায়নি। নতুন বছরে প্রত্যাশা সব সময় ইতিবাচক থাকে। তবে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বয় না থাকলে শেষ পর্যন্ত ইতিবাচক পরিস্থিতি আর বজায় থাকে না।

ব্যবসার পরিবেশ সহজ না হওয়ায় অনেক বিনিয়োগ প্রক্রিয়া আটকে গেছে। ফলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় বিনিয়োগ খুব বেশি বাড়ছে না। এতে কর্মসংস্থানে প্রভাব পড়ছে।

নতুন বছরে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য প্রয়োজন নীতি সমন্বয়। বিনিয়োগ বাড়াতে সরকার অনেক ভালো পদক্ষেপ নিয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ডসহ অন্যান্য প্রতিষ্ঠানের নীতির সঙ্গে নতুন বিনিয়োগ নীতি সাংঘর্ষিক হচ্ছে। তাই এসব জায়গায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের চিত্র সুখকর নয়। কয়েকটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল বাদে সফল অঞ্চলের এখনো কোনো উদাহরণ তৈরি হয়নি। এ ক্ষেত্রে কাজ করতে হবে। বিশেষ করে গ্যাস–বিদ্যুৎসহ সব ধরনের পরিষেবা নিশ্চিত করা জরুরি। বিনিয়োগের জন্য যথাযথ প্রচারও চালাতে হবে।

নতুন বছরে নতুন সরকারও গঠিত হতে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রত্যাশা থাকবে, খাতভিত্তিক অভিজ্ঞ লোকদের বিনিয়োগ ও কর্মসংস্থান–সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি আমলাতন্ত্রকে সংকীর্ণ চিন্তা থেকে বের করে আনার উদ্যোগ নিতে হবে।

  • আবুল কাশেম খান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার