আগ্রহ বেড়েছে টেকসই অর্থায়নে
টেকসই অর্থায়নে খেলাপি ঋণের হার কম
২০২০ সালে টেকসই অর্থায়ন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ওই নীতিমালার আলোকে পরিবেশবান্ধব শিল্পসহ টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়াতে শুরু করেছে অনেক ব্যাংক। এ অর্থায়নের ক্ষেত্রে কেউ বেছে নিচ্ছে কৃষি খাত, কেউবা ইটিপি স্থাপন আর কেউবা বাড়াচ্ছে সিএসআর ব্যয়। টেকসই অর্থায়ন নিয়ে কী ভাবছেন স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। ১০ জন এমডি ও সিইওর ভাবনা নিয়ে এ আয়োজন।
ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) প্রতিষ্ঠার পর থেকেই টেকসই অর্থায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। কারণ, ইবিএল বিশ্বাস করে, দীর্ঘ মেয়াদে টিকে থাকতে টেকসই অর্থায়নের কোনো বিকল্প নেই। গতানুগতিক অর্থায়নের ব্যবস্থায় টেকসই অর্থায়নে ঝুঁকি অনেক কম। গত পাঁচ বছরের তথ্যানুযায়ী, টেকসই অর্থায়নে শ্রেণিবদ্ধ বা খেলাপি ঋণের হার ১ শতাংশের কম। গতানুগতিক অর্থায়নে শ্রেণিবদ্ধ ঋণের হার ১০ শতাংশের বেশি। ২০২১ সালে টেকসই অর্থায়ন খাতে আমরা ৩ হাজার ৫৬২ কোটি টাকা ঋণ বিতরণ করেছি, যা মোট ঋণের ২১ শতাংশ। বাংলাদেশ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে। ইবিএল তার ব্যবসায়িক কার্যক্রম এবং টেকসই অর্থায়ন কর্মসূচির মাধ্যমে সে লক্ষ্য অর্জনে আর্থিক খাতের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।