সাক্ষাৎকার

টেকসই এসএমই অর্থায়নে ট্রাস্ট ব্যাংকের নতুন কৌশল

দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যাংকটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী

প্রথম আলো:

ট্রাস্ট ব্যাংকের এসএমই খাতে ফোকাস ও প্রবৃদ্ধি কেমন?

আহসান জামান চৌধুরী: সিএমএসএমই খাত আমাদের সামগ্রিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান অগ্রাধিকার। রিফাইন্যান্স স্কিম ও এসএমই ফাউন্ডেশনের তহবিলের আওতায় আমরা অর্থায়ন করছি। সারা দেশে বিস্তৃত শাখা, উপশাখা ও এসএমই সেন্টারের মাধ্যমে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক এসএমই পোর্টফোলিও গড়া অব্যাহত রয়েছে।

প্রথম আলো:

নতুন বাজেটে উৎপাদনশীল খাতের ঋণপ্রবাহ বাড়াতে যে নির্দেশ দেওয়া হয়েছে, সে অনুযায়ী ট্রাস্ট ব্যাংক কোন কোন নতুন উপখাতকে অগ্রাধিকার দিচ্ছে?

আহসান জামান চৌধুরী: বাজেটের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা উৎপাদনশীল ও কর্মসংস্থানমুখী খাতে অর্থায়ন সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছি। হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, কুটির ও মাইক্রো উদ্যোগ, স্টার্টআপ এবং প্রযুক্তিনির্ভর নতুন ব্যবসার জন্য আমাদের রয়েছে উপযোগী অর্থায়ন কাঠামো। পাশাপাশি নিম্ন আয়ের ও অপ্রতুল সেবাপ্রাপ্ত পেশাজীবীদের জন্য স্বল্প সুদের ‘ট্রাস্ট প্রান্তিক’ ঋণ চালু রয়েছে। একই শ্রেণির মানুষের কাছে আরও দ্রুত অর্থায়ন পৌঁছে দিতে আমরা ডিজিটাল ন্যানো লোন চালুর কার্যক্রমও এগিয়ে নিচ্ছি। 

প্রথম আলো:

কুটির ও অতিক্ষুদ্র জন্য ট্রাস্ট ব্যাংকের বিশেষ তদারকি ব্যবস্থা কী?

আহসান জামান চৌধুরী: ট্রাস্ট ব্যাংকের এসএমই কৌশলের অন্যতম ভিত্তি হলো বড় করপোরেট ঋণের তুলনায় ছোট ঋণগুলো প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় যাতে অগ্রাধিকার পায়। ব্যাংকে আছে ডেডিকেটেড এসএমই বিজনেস টিম, পৃথক ঋণপণ্য ও নিজস্ব ক্রেডিট মূল্যায়ন পদ্ধতি। আমাদের কর্মকর্তারা শুধু জামানত বা ব্যাংক স্টেটমেন্ট নয়, উদ্যোক্তার ব্যবসার নগদ প্রবাহ, ডিজিটাল লেনদেন ও বাজারে গ্রহণযোগ্যতাকেও মূল্যায়নের অংশ হিসেবে বিবেচনা করেন।  

প্রথম আলো:

নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য অর্জনে ট্রাস্ট ব্যাংক কীভাবে নতুনদের উৎসাহিত করছে?

আহসান জামান চৌধুরী: নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ট্রাস্ট ব্যাংক নিয়মিতভাবে নারী উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক সাক্ষরতা, ক্যাশ ফ্লো ও ব্যবসায়িক পরিকল্পনাবিষয়ক প্রশিক্ষণ এবং বিভিন্ন সক্ষমতা উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করে আসছে। প্রশিক্ষণপ্রাপ্ত সম্ভাবনাময় উদ্যোক্তাদের একটি অংশকে ইতিমধ্যে ঋণসুবিধাও প্রদান করা হয়েছে। নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণপণ্য, রিফাইন্যান্স সুবিধা ও মেন্টরশিপের মাধ্যমে আমরা সমন্বিত সহায়তা কাঠামো গড়ছি।  

প্রথম আলো:

এসএমই ঋণের ক্ষেত্রে নথিপত্রের জটিলতা কমাতে এবং প্রক্রিয়া সহজ করতে আপনাদের প্রস্তুতি কেমন?

আহসান জামান চৌধুরী: এসএমই উদ্যোক্তাদের জন্য গ্রাহকবান্ধব সেবা দিয়ে আসছি। একই সঙ্গে অনলাইন আবেদন, ডিজিটাল কেওয়াইসি ও প্রযুক্তিনির্ভর যাচাই ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে ঋণ অনুমোদনের সময় ও নথিপত্রজনিত জটিলতা কমবে। ইতিমধ্যে এসএমই সেলস টিমে জনবল বাড়ানো ও ফ্রন্টডেস্কে প্রশিক্ষিত কর্মীর সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ চলমান রয়েছে।

প্রথম আলো:

তহবিল সুষ্ঠু ও সুষমভাবে বণ্টনে ব্যাংকগুলোকে যুক্ত করার বিষয়টি আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

আহসান জামান চৌধুরী: আমার দৃষ্টিতে, পিকেএসএফ এবং বাণিজ্যিক ব্যাংককে সম্পৃক্ত করার উদ্যোগ অত্যন্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী। পিকেএসএফ ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সক্ষমতার সমন্বয় হলে তহবিল শুধু দ্রুত বিতরণই নয়, বরং যথাযথ যাচাই-বাছাই ও সঠিক ব্যবহারও নিশ্চিত করা সম্ভব হবে।