স্ট্যাগফ্লেশনের বিষয়ে সতর্ক থাকতে হবে
যুক্তরাষ্ট্র ও ইউরোপে যে মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে, তার নানা প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়তে পারে। মন্দাভাবের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে গ্যাস ও সারের দাম যদি কমে, তাহলে আমদানি ব্যয় হ্রাস পাবে। সেটা আমাদের জন্য বড় স্বস্তি হয়ে আসবে।
আবার পশ্চিমা দেশে মন্দা হলে আমাদের রপ্তানি আয়ে প্রভাব পড়তে পারে। আরেকটি বিষয় হচ্ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। অতীতে দেখা গেছে, বৈশ্বিক মন্দার সময় মধ্যপ্রাচ্যে আমাদের ্রমিকদের বিশেষ সমস্যা হয়নি। তবে অর্থনীতির গতি কমে গেলে সেখানে নতুন শ্রমিক নেওয়ার হার কমবে। ফলে প্রবাসী আয়ে কিছুটা শ্লথগতি আসতে পারে।
আমাদের সতর্ক থাকতে হবে, এটা কি মন্দা, নাকি স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশনের সময় উচ্চ বেকারত্ব ও চাহিদার অভাব থাকা সত্ত্বেও মূল্যস্ফীতি বাড়তি থাকে, যেখানে মন্দার সময় চাহিদার অভাবের কারণে মূল্যস্ফীতি সাধারণত কমে আসে। অর্থাৎ এখন যদি পশ্চিমা দেশগুলোর মন্দা স্ট্যাগফ্লেশনে রূপ নেয়, তাহলে আন্তর্জাতিক বাজারে দাম কমে আসবে বলে আমরা যেভাবে ভাবছি, দাম সেভাবে না-ও কমতে পারে। ফলে সেটা আমাদের জন্য ভালো হবে না। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
মোস্তাফিজুর রহমান
বিশেষ ফেলো, সিপিডি