প্রচার-প্রচারণার অভাব ও বিমা সম্পর্কে আমাদের দেশের মানুষের মধ্যে ভুল ধারণা আছে। যে কারণে অনেক মানুষ বিমার আওতার বাইরে রয়েছে। এখনো দেশের ৫ শতাংশ মানুষও বিমার আওতায় আসেনি। এ জন্য জিডিপিতে বিমার অবদান দশমিক ৫ শতাংশের কম।
অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জিডিপিতে বিমার অবদান প্রায় ৫ শতাংশ। তবে আশার কথা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর বিমা পেশায় যোগদানের তারিখকে জাতীয় বিমা দিবস ঘোষণা করেছেন। এ ছাড়া বিমা দিবসকে খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নীত করায় বিমা খাতের প্রচার-প্রসার আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।
বিমা খাতে শৃঙ্খলা আনতে ২০১০ সালে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠন করা হয়। এর আগে দেশের বিমা কোম্পানিগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিমা অধিদপ্তর দ্বারা পরিচালিত হতো। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে আইডিআরএ গঠনের পর থেকে বিমা খাতে আগের চেয়ে শৃঙ্খলা ও স্বচ্ছতা অনেক বেড়েছে।
এত দিন আইডিআরএর লোকবল কম ছিল। ফলে সংস্থাটির পক্ষে ৮৫টি বিমা কোম্পানিকে তদারকি করা সম্ভব ছিল না। বর্তমানে আইডিআরএ দক্ষ লোকবল নিয়োগ দিচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রচেষ্টায় সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করা হয়েছে। সব মিলিয়ে আশা করছি, ভবিষ্যতে আইডিআরের ভূমিকা আরও শক্তিশালী হবে।
বিমা খাতের কিছু কোম্পানি গ্রাহকের বিমা দাবি সময়মতো পরিশোধ না করলেও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সসহ অনেক কোম্পানি তা করছে। গ্রাহকদের অনেক ভালো পলিসিকে বোনাস প্রদান করছে।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ২০২২ সালে ১ হাজার ৫০ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে। একই সময়ে আমরা ১ হাজার ৬১০ কোটি টাকার প্রিমিয়াম অর্জন করতে সক্ষম হয়েছি। প্রতিটি কোম্পানি যদি গ্রাহকের দাবি সময়মতো পরিশোধ করে, তাহলেই বিমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে। পাশাপাশি সরকারি-বেসরকারিভাবে বিমার প্রচার বাড়াতে হবে।
মো. কাজিম উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।