অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ হাতেম
মোহাম্মদ হাতেম

প্রথম আলো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বর্তমান অবস্থা রপ্তানি কার্যক্রমে কতটা সহায়ক?
মোহাম্মদ হাতেম: আমাদের রপ্তানি বাড়ছে। বিশ্ববাজারে আগামী দিনে চাহিদা যেমন বাড়বে, তেমনি বাড়বে আমাদের রপ্তানি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি রপ্তানিমুখী যোগাযোগের চাপ সামলাতে পারছে না। আর তা পারছে না দুটো কারণে। প্রথমত, চার বছর ধরে কাজ চললেও এই মহাসড়কটির ১৯২ কিলোমিটার চার লেনে উন্নীত করা যায়নি। কাজ চললেও তা চলছে ধীর গতিতে। দ্বিতীয়ত, বিদ্যমান মহাসড়কটিও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। অনেক স্থানই ভাঙাচোরা। ফলে রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যেতে অনেক সময় লাগছে। এতে খরচ বেড়ে যাচ্ছে।

প্রথম আলো: বাড়তি সময় ও খরচের বিষয়টি একটু ব্যাখ্যা করে বলুন।
মোহাম্মদ হাতেম: তৈরি পোশাক রপ্তানির জন্য সাধারণত কাভার্ড ভ্যান ব্যবহার করা হয়। তিন-চার বছর আগেও আমরা প্রতি ট্রাক বা কাভার্ড ভ্যানের জন্য গড়ে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত ভাড়া গুনতাম। এখন সেই ভাড়া ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে গেছে। পরিবহন ব্যয় বিভিন্ন কারণে প্রতিবছরই কিছু বাড়ে। কিন্তু এই মহাসড়কে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় লাগার জন্য ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিকেরা ভাড়াও বাড়িয়ে দিয়েছেন। আট থেকে ১০ ঘণ্টা পথ যদি ১৫ থেকে ২০ ঘণ্টা লেগে যায়, তাহলে বাড়তি ভাড়া গুনতেই হবে। আবার নির্দিষ্ট সময়ে বন্দরে পৌঁছাতে না পারলে নির্ধারিত জাহাজ ধরাও সম্ভব হয় না। সে ক্ষেত্রে পরবর্তী জাহাজের জন্য অপেক্ষা করতে হয়। তাতে বাড়তি মাশুল দিতে হয়। অনেকে আবার বাধ্য হয়ে পণ্যবাহী ট্রাক ঢাকায় ফিরিয়ে এনে বিমানে তুলে দেন। এতে খরচ কয়েক গুণ বাড়ে। যদি আমরা এফওবি ভিত্তিতে পণ্য রপ্তানি করি, তাহলে জাহাজীকরণে কোনো খরচ নেই। তবে সিঅ্যান্ডএফ ভিত্তিতে করলে প্রতি কনটেইনারের জন্য গড়ে দুই হাজার ডলার বা দেড় লাখ টাকার কিছু বেশি ভাড়া দিতে হয়। একই পরিমাণ পণ্য বিমানের কার্গোতে তুললে ২০ লাখ টাকা ব্যয় হয়।
প্রথম আলো: তাহলে এখন করণীয় কী?
মোহাম্মদ হাতেম: আমরা মনে করি, সরকারের অগ্রাধিকারমূলক কাজের তালিকার শীর্ষে নিয়ে আসতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে রূপান্তরকে। যোগাযোগমন্ত্রী চেষ্টা করছেন। তাঁর সক্রিয়তায় আমরা বেশ আশাবাদী। তবে সরকারের সংশ্লিষ্ট সব পক্ষকে আরও ভালোভাবে কাজ করতে হবে। প্রথমেই বলেছি যে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের বিশেষত তৈরি পোশাকের চাহিদা আরও বাড়বে। কাজেই আমাদের রপ্তানি বাড়বে। এ জন্য উৎপাদন বাড়াতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল আছে। তার মানে নতুন বিনিয়োগ আসবে। পোশাক খাতের সাময়িক যে শ্রমিক অস্থিরতা, সেটাও কেটে যাবে। ফলে ব্যবসা ও উৎপাদনের অনুকূল পরিবেশ দেখা দেবে। এই সুযোগের সদ্ব্যবহারের জন্য অবকাঠামোর সুবিধা নিশ্চিত করতে হবে।

সহসভাপতি
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ)

(সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া)